
Post Office MIS vs Bank FD: ধরুন অনেক দিন ধরে বেশ কিছুটা টাকা জমিয়েছেন। বা পারিবারিক সূত্রে কিছু টাকা পেয়েছেন। সেই টাকা কোথায় রাখলে বেশি রিটার্ন পাবেন? সেই হিসেবই পাবেন এই প্রতিবেদনে। ধরুন আপনার হাতে ৯ লক্ষ টাকা রয়েছে। ঝুঁকি না নিয়ে প্রতি মাসে নিয়মিত আয় করতে চাইলে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (MIS) এবং ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (FD); দু’টি অপশনই ভেবে দেখতে পারেন। তবে কোথায় টাকা রাখলে বেশি আয় হবে? সুদের হারের হিসেব করলেই জেনে যাবেন।
বর্তমানে পোস্ট অফিসের MIS-এ সুদের হার ৭.৪ শতাংশ। সেই হিসাবে ৯ লক্ষ টাকা বিনিয়োগ করলে মাসে সুদ মিলবে ৫,৫৫০ টাকা। অন্য দিকে, কোনও ব্যাঙ্কের এফডি-তে বার্ষিক ৬.৫ শতাংশ সুদ ধরলে মাসিক আয় হতে পারে ৪,৮৭৫ টাকা। অর্থাৎ, এই হিসাব অনুযায়ী পোস্ট অফিসের প্রকল্পে মাসে ৬৭৫ টাকা বেশি আয় হবে। বছরে ফারাক ৮,১০০ টাকা। এই অঙ্ক কর কাটার আগের।
তবে মনে রাখতে হবে, এফডি-র ৬.৫ শতাংশ সুদের হার এখানে উদাহরণ হিসাবে ধরা হয়েছে। ব্যাঙ্ক, মেয়াদ এবং গ্রাহকের যোগ্যতা অনুযায়ী সুদের হার বদলাতে পারে। কিছু ক্ষুদ্র অর্থলগ্নি ব্যাঙ্কে নির্দিষ্ট মেয়াদে প্রবীণ নাগরিকেরা ৮ শতাংশের বেশি সুদও পেতে পারেন।
পোস্ট অফিসের MIS-এ নিয়ম
এই প্রকল্পে একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা রাখা যায়। মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষ হলে মূল টাকা ফেরত পাওয়া যায়। অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬ ত্রৈমাসিকের জন্য সুদের হার ৭.৪ শতাংশ। তবে সরকার সময় অনুযায়ী এই হার পর্যালোচনা করতে পারে।
প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার আগেও টাকা তোলা যায়। কিন্তু তার জন্য নির্দিষ্ট অঙ্ক কেটে নেওয়া হয়। এক বছর পূর্ণ হওয়ার আগে টাকা তোলা যায় না। এক বছর থেকে তিন বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করলে মূল টাকার ২ শতাংশ কাটা হয়। তিন বছর পূর্ণ হওয়ার পরে, কিন্তু পাঁচ বছর শেষ হওয়ার আগে বন্ধ করলে কাটছাঁটের পরিমাণ ১ শতাংশ।
কোনটিতে টাকা রাখবেন?
নিয়মিত মাসিক আয়ের জন্য পোস্ট অফিসের MIS আকর্ষণীয় হতে পারে। অন্য দিকে, মেয়াদ বেছে নেওয়ার স্বাধীনতা বা বেশি সুদের সুযোগ খুঁজলে ব্যাঙ্কের এফডি-ও বিবেচনা করা যায়। বিনিয়োগের আগে সুদের হার, টাকা তোলার নিয়ম এবং করের বিষয়টি যাচাই করুন। প্রয়োজন হলে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।