
যারা নিশ্চিত মাসিক আয়ের পথ খুঁজছেন, তাঁদের জন্য পোস্ট অফিসের ‘মান্থলি ইনকাম স্কিম’ (POMIS) হতে পারে দারুণ একটা প্ল্যান। সরকারি গ্যারান্টিযুক্ত এই প্রকল্পে এককালীন অর্থ বিনিয়োগ করে প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা আয়ের সুযোগ দিচ্ছে ডাক বিভাগ। বর্তমানে এই সঞ্চয় প্রকল্পে বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয়।
কীভাবে পাবেন এই সুবিধা?
নিয়ম অনুযায়ী, স্বামী-স্ত্রী মিলে একটি যৌথ অ্যাকাউন্ট খুলে যদি এককালীন ১৫ লক্ষ টাকা জমা রাখেন, তবে ৭.৪ শতাংশ সুদের হারে বছরে মোট ১,১১,০০০ টাকা আয় হবে। এই অঙ্কটি ১২ মাসে ভাগ করলে প্রতি মাসে নিশ্চিতভাবে ৯,২৫০ টাকা হাতে পাবেন বিনিয়োগকারী। অন্যদিকে, সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়, যেখান থেকে বছরে ৬৬,৬০০ টাকা সুদ বাবদ উপার্জন সম্ভব।
এই প্রকল্পের মেয়াদ কতদিন?
এই প্রকল্পের মেয়াদ ৫ বছর। মেয়াদপূর্তির পর বিনিয়োগকারী তাঁর মূল আমানত সম্পূর্ণ ফেরত পেয়ে যান। এরপর চাইলে সেই টাকা তুলে নেওয়া যায় অথবা পুনরায় বিনিয়োগ করে মাসিক আয়ের ধারা বজায় রাখা যায়। প্রকল্পের আরেকটি বিশেষ দিক হলো, ১০ বছরের বেশি বয়সী সন্তানদের নামেও অভিভাবকরা এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
নিকটস্থ পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকলেই এই প্রকল্পে বিনিয়োগ করা সম্ভব। তবে মনে রাখা জরুরি যে, বর্তমান সরকারি নির্দেশিকা অনুযায়ী এই অ্যাকাউন্ট খুলতে প্যান কার্ড এবং আধার কার্ড থাকা বাধ্যতামূলক। ১০০ শতাংশ নিরাপদ এবং ঝুঁকিহীন হওয়ায় অবসরপ্রাপ্ত কর্মী থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত সকলেরই নজর কাড়ছে পোস্ট অফিসের এই বিশেষ মাসিক আয় প্রকল্প।
এই প্ল্যানে দারুণ সুবিধা পেতে পারেন বয়স্ক মানুষরা। যারা অবসর নিয়ে নিয়েছেন তাদের জন্য খুব উপকারি হতে পারে। তবে গোটা ব্যাপারটা ভাল করে বুঝে নিয়ে তবেই বিনিয়োগ করুন।