
PPF, NSC, SCSS-র মতো কেন্দ্রীয় সরকারের ছোট সঞ্চয় প্রকল্পে টাকা রাখেন? তাঁদের জন্য বড় আপডেট। জুলাই-সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিকের জন্য এই সব প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন করল না কেন্দ্র। অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সব ছোট সঞ্চয় প্রকল্পে আগের ত্রৈমাসিকের সুদের হারই বহাল থাকবে। এর ফলে Public Provident Fund (PPF), National Savings Certificate (NSC), Senior Citizen Savings Scheme (SCSS), Sukanya Samriddhi Yojana (SSY)-সহ সমস্ত জনপ্রিয় সরকারি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারীরা আগের মতোই সুদ পাবেন।
টানা নবম ত্রৈমাসিকে সুদের হার অপরিবর্তিত
অর্থ মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে।
এটি টানা নবম ত্রৈমাসিক, যখন এই প্রকল্পগুলির সুদের হারে কোনও পরিবর্তন করা হল না। এপ্রিল-জুন ২০২৬ ত্রৈমাসিকে যে সুদের হার কার্যকর ছিল, সেটাই আগামী তিন মাসও বহাল থাকবে।
কোন কোন প্রকল্পের ক্ষেত্রে এটি প্রযোজ্য?
এই সিদ্ধান্ত পোস্ট অফিস এবং ব্যাঙ্কের মাধ্যমে পরিচালিত সমস্ত প্রধান ছোট সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে প্রযোজ্য। এর মধ্যে রয়েছে,
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)
কিষান বিকাশ পত্র (KVP)
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS)
পোস্ট অফিস টাইম ডিপোজিট
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD)
নিরাপদ বিনিয়োগ এবং সরকারের গ্যারান্টিযুক্ত রিটার্নের কারণে এই প্রকল্পগুলি দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়।
কোন প্রকল্পে কত সুদ পাবেন?
জুলাই-সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিকেও বিভিন্ন প্রকল্পে সুদের হার অপরিবর্তিত থাকবে।
PPF: ৭.১ শতাংশ
NSC: ৭.৭ শতাংশ
SCSS: ৮.২ শতাংশ
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY): ৮.২ শতাংশ
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS): ৭.৪ শতাংশ
কিষান বিকাশ পত্র (KVP): ৭.৫ শতাংশ
পোস্ট অফিস টাইম ডিপোজিটের ক্ষেত্রেও আগের হারই বহাল রয়েছে।
১ বছরের আমানত: ৬.৯ শতাংশ
২ বছরের আমানত: ৭ শতাংশ
৩ বছরের আমানত: ৭.১ শতাংশ
৫ বছরের আমানত: ৭.৫ শতাংশ
এ ছাড়া ৫ বছরের পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD)-এ সুদের হার ৬.৭ শতাংশই রাখা হয়েছে।
শেষ কবে সুদের হার বদলেছিল?
এর আগে ২০২৩-২৪ অর্থবর্ষের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে শেষবার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার পাল্টানো হয়েছিল।
এর পরে ২০২৪ সালের এপ্রিল মাসে শুধুমাত্র দু'টি প্রকল্পে সুদের হার বাড়ানো হয়েছিল। তিন বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিটে সুদের হার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭.১ শতাংশ করা হয়। পাশাপাশি সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৮.২ শতাংশ করা হয়েছিল।
তার পর থেকে অন্য কোনও ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হারে পরিবর্তন হয়নি। ফলে জুলাই-সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিকেও বিনিয়োগকারীরা আগের মতোই নির্দিষ্ট হারে রিটার্ন পাবেন।