
ব্যাঙ্কে নিজের কোনও অ্যাকাউন্ট নেই? তাতেও অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন আপনি। এর জন্য নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। এবার এই সংক্রান্ত নিয়ম আরও সহজ ও সুরক্ষিত করতে নতুন নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ডোমেস্টিক মানি ট্রান্সফার (DMT) বা দেশের মধ্যে টাকা পাঠানোর পরিষেবা সংক্রান্ত নিয়মগুলিকে এক ছাতার তলায় এনেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। নতুন ব্যবস্থায় NEFT-এর মাধ্যমে ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিও অন্যের অ্যাকাউন্টে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন। পাশাপাশি, ক্যাশ পে-আউট বা নগদ টাকা দেওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে RBI।
অ্যাকাউন্ট না থাকলেও পাঠানো যাবে ৫০ হাজার টাকা
RBI-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও ব্যক্তি ব্যাঙ্কের শাখায় গিয়ে NEFT বা ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন। এক্ষেত্রে টাকা পাঠানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। অর্থাৎ, আপনার নিজের নামে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও ব্যাঙ্কের শাখায় গিয়ে নির্দিষ্ট পদ্ধতি মেনে অন্যের অ্যাকাউন্টে টাকা জমা পাঠাতে পারবেন। আত্মীয়, পরিচিত বা অন্য কোনও ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে এই সুবিধা কাজে আসবে।
নগদ টাকা তোলার ক্ষেত্রেও সীমা নির্ধারণ
শুধু টাকা পাঠানো নয়, ক্যাশ পে-আউট বা নগদ টাকা দেওয়ার ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করেছে RBI। কোনও ব্যাঙ্ক তার গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এমন ব্যক্তিকে টাকা পাঠাতে পারবে, যাঁর নিজের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। তবে এই পরিষেবায় নগদ টাকা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা থাকবে।
নতুন নিয়ম অনুযায়ী, একজন সুবিধাভোগী বা বেনিফিশিয়ারিকে একটি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নগদ দেওয়া যাবে। এক মাসে ওই একই সুবিধাভোগী সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত নগদ পেতে পারবেন। ATM, বিজনেস করেসপন্ডেন্ট (BC) অর্থাৎ ব্যাঙ্কের অনুমোদিত প্রতিনিধি অথবা অন্য অনুমোদিত পেমেন্ট চ্যানেলের মাধ্যমে এই টাকা সংগ্রহ করা যাবে।
KYC ও মোবাইল নম্বর যাচাই বাধ্যতামূলক
টাকা লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতেও একাধিক পদক্ষেপ করেছে RBI। নতুন নির্দেশিকা অনুযায়ী, ক্যাশ ডিপোজিট বা নগদ জমার পরিষেবা ব্যবহারকারী গ্রাহকদের রেজিস্ট্রেশন করতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক এবং বিজনেস করেসপন্ডেন্টকে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে RBI-এর KYC নির্দেশিকা, ২০২৫ অনুসারে।
এক্ষেত্রে গ্রাহকের ভেরিফায়েড মোবাইল নম্বর এবং নিজের দ্বারা প্রত্যয়িত অফিশিয়ালি ভ্যালিড ডকুমেন্ট (OVD) জমা দিতে হবে। অর্থাৎ, পরিচয় যাচাইয়ের নির্দিষ্ট নিয়ম মেনেই টাকা লেনদেনের পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
প্রতিটি লেনদেনে অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষা
ডিজিটাল ও নগদ লেনদেনে প্রতারণা রুখতেও বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে RBI। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি লেনদেনের ক্ষেত্রে অ্যাডিশনাল ফ্যাক্টর অফ অথেন্টিকেশন (AFA) ব্যবহার করে পরিচয়ের অতিরিক্ত যাচাই করতে হবে। পাশাপাশি, ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্ক পেমেন্ট অপারেটরদের ভেলোসিটি চেক ব্যবস্থা চালু করতে হবে। এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে একই ব্যক্তি বা অ্যাকাউন্ট থেকে বারবার লেনদেন হচ্ছে কি না, তার উপরে নজর রাখা সম্ভব হবে।
অস্বাভাবিক লেনদেন হলেই সতর্ক হতে হবে ব্যাঙ্ককে
নতুন নির্দেশিকায় টাকা জমা হওয়ার পর গ্রাহককে অ্যালার্ট পাঠানোর বিষয়টিও বাধ্যতামূলক করা হয়েছে। কোনও অ্যাকাউন্টে বা একাধিক অ্যাকাউন্টের গোষ্ঠীতে হঠাৎ অস্বাভাবিকভাবে বিপুল পরিমাণ টাকা জমা হলে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে বিষয়টি খতিয়ে দেখতে হবে। লেনদেনে সন্দেহজনক কিছু নজরে এলে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
সব মিলিয়ে, RBI-এর নতুন নির্দেশিকার লক্ষ্য হল দেশের মধ্যে টাকা পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করা এবং একই সঙ্গে আর্থিক প্রতারণা ও সন্দেহজনক লেনদেনের ঝুঁকি কমানো। বিশেষ করে যাঁদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁদের কাছে এই নতুন ব্যবস্থা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।