
শুরু হচ্ছে নতুন মাস। চলতি বছরের নভেম্বর আবার উৎসবের মাসও। তবে ১ নভেম্বর থেকে একাধিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এর সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। রান্নার গ্যাসের দাম থেকে জিএসটি সংক্রান্ত নিয়ম, মোবাইলে কলার আইডি থেকে শুরু করে হাইওয়ের টোল পাস, বিভিন্ন ক্ষেত্রে আসছে বদল। এর প্রভাব পড়তে পারে আপনার রান্নাঘর থেকে মাসিক বাজেট, সব ক্ষেত্রেই। দেখে নেওয়া যাক, ১ নভেম্বর ২০২৬ থেকে কোন পাঁচটি বড় পরিবর্তনের মুখে পড়তে চলেছে দেশবাসী।
মোবাইল কল
কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, এবার থেকে ফোনে কল আসার সময় কলারের নাম দেখানো বাধ্যতামূলক হতে চলেছে। এত দিন অচেনা নম্বর থেকে ফোন এলে অনেকেই কলারের পরিচয় জানার জন্য ট্রুকলারের মতো অ্যাপ ব্যবহার করতেন। ১ নভেম্বর থেকে কলিং নেম প্রেজেন্টেশন (CNAP) ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে টেলিকম দফতর। ফলে ফোনে ইনকামিং কলে কলারের নাম দেখা যাবে।
এলপিজির দাম
প্রতি মাসের প্রথম দিনেই তেল বিপণনকারী সংস্থাগুলি এলপিজির দাম পরিবর্তন করে থাকে। তাই ১ নভেম্বরও এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন হতেও পারে। ১ অক্টোবর এলপিজির দাম বাড়ানো হয়েছিল। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল।
তবে ১৪ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি। এলপিজির পাশাপাশি বিমান জ্বালানির দামেও বদল আসতে পারে। এর সরাসরি প্রভাব পড়তে পারে বিমান ভাড়ায়।
জিএসটি নিয়ম
১ নভেম্বর থেকে জিএসটি সংক্রান্ত নিয়মেও পরিবর্তন হতে চলেছে। টাকা ফেরতের প্রক্রিয়া আরও সহজ করেছে কেন্দ্রীয় সরকার। নতুন ব্যবস্থায় কয়েকটি ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড চালু হতে পারে। এছাড়াও যে সমস্ত ব্যবসায়ীর বার্ষিক লেনদেনের পরিমাণ ৫ কোটি টাকার কম, তাঁদের জন্য চালু করা হতে পারে নতুন রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা। এর ফলে ছোট ব্যবসায়ী ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি কিছুটা স্বস্তি পেতে পারে।
পেনশনারদের নতুন নির্দেশিকা
অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের পেনশন চালু রাখতে নভেম্বর মাসের শেষের মধ্যে নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় বার্ষিক লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই শংসাপত্র জমা না দিলে পেনশন পেতে দেরি হতে পারে, এমনকি পেনশন সাময়িকভাবে বন্ধও হয়ে যেতে পারে। লাইফ সার্টিফিকেট সরাসরি ব্যাঙ্কে গিয়ে জমা দেওয়া যায়। আধার ভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে জীবন প্রমাণ পরিষেবা ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতেও জমা দেওয়া সম্ভব। এছাড়া ডাক বিভাগের ডোরস্টেপ লাইফ সার্টিফিকেট পরিষেবার মাধ্যমেও এই কাজ করা যাবে। এই সমস্ত প্রক্রিয়াই বিনামূল্যে করা যায়। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা না দিলে ডিসেম্বর মাস থেকে পেনশনের উপরে প্রভাব পড়তে পারে। ৮০ বছরের বেশি বয়সি পেনশনভোগীদের জন্য এই প্রক্রিয়া শুরু হয়েছে ১ অক্টোবর থেকে। অন্য অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে তা শুরু হবে ১ নভেম্বর থেকে। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।
ITR ডেডলাইন
২০২৫-২৬ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। যে সমস্ত করদাতার আয়কর রিটার্ন অডিট করানো বাধ্যতামূলক, তাঁদের জন্য এই সময়সীমা ৩১ অক্টোবর থেকে বাড়িয়ে ২১ নভেম্বর করা হয়েছে।
টোল পাসে বদল
টোল পাসের নিয়মেও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। ১ নভেম্বর থেকে টোল প্লাজার কাছাকাছি বসবাসকারী ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য নতুন বার্ষিক টোল পাস চালুর কথা ঘোষণা করা হয়েছে। এই পাসের দাম ১৫০০ টাকা। টোল প্লাজা থেকে ২০ কিলোমিটারের মধ্যে বসবাসকারী ব্যক্তিগত গাড়ির মালিকরা এই পাসের সুবিধা নিতে পারবেন।