
বৃহস্পতিবার সকাল থেকেই পড়ছে শেয়ারবাজার। সেনসেক্স, নিফটি দুই সূচকই নিম্নমুখী। আজ সকাল সকাল ৯:৩৩ নাগাদ সেনসেক্স ৮৫৫.৭৯ পয়েন্ট বা ১.১০ শতাংশ কমে ৭৬,৬৪০.৫৭-এ নেমে আসে। আর Nifty ২৭৬.৩০ পয়েন্ট বা ১.১৪ শতাংশ কমে ২৩,৯৪৬.৪৫-এ দাঁড়ায়। আর ইতিমধ্যেই সেনসেক্স ১০০০ পয়েন্ট তলিয়ে গিয়েছে। নিফটির ক্র্যাশ করেছে ৩৫০ পয়েন্ট।
আজ সকাল থেকেই সব সেক্টর লাল। অধিকাংশ বড় শেয়ারের দামে আজ পতন দেখা গিয়েছে। এখন প্রশ্ন হল, কেন আজ পড়তে শুরু করেছে শেয়ারবাজার? আসুন তার কয়েকটি কারণ জেনে নেওয়া যাক-
তেলের দামের অস্বাভাবিক উত্থান
আজকের সেনসেক্স, নিফটির পতনের অন্যতম বড় কারণ হল অপরিশোধিত তেলের দামের বাড়া। আজ অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারের উপরে উঠে গেছে।
আর তেলের দাম বৃদ্ধি ভারতের জন্য খুবই উদ্বেগের বিষয়। কারণ, আমাদের দেশ তার অধিকাংশ তেল আমদানি করে। এর ফলে মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়ে। শুধু তাই নয়, কর্পোরেটের মুনাফায় প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তাই হু হু করে পড়ছে শেয়ারের দাম।
এফআইআই বিক্রি ও দুর্বল টাকা
ভারতে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) শেয়ার বিক্রি অব্যাহত রেখেছেন। গত সেশনেই প্রায় ২,৪৬৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে তারা।
অন্যদিকে, দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (DII) প্রায় ২,২৬২ কোটি টাকার শেয়ার কিনে কিছুটা পতন ঠেকানোর চেষ্টা করেছে। কিন্তু তাতেও লাভ হয়নি।
একই সঙ্গে ভারতীয় টাকা মার্কিন ডলারের বিপরীতে ৯৫-এর নীচে নেমে গেছে। আগের দিন ৯৪.৮৪৫০ বন্ধ হয়েছিল টাকা। আজ ৯৫.০২-এ খোলে।
দুর্বল টাকা আমদানি খরচকে আরও ব্যয়বহুল করে তুলতে পারে। পাশাপাশি বাড়াতে পারে মুদ্রাস্ফীতি। সেই কারণেই বাজারের মুড খারাপ।
আমেরিকার সুদ অপরিবর্তীত
আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রেখেছে। এমনকী ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কায় ২০২৬ সালে সুদের হার কমানোর সম্ভাবনা কমে গেছে।
সব সেক্টরেই সেলিং
আজ সকাল থেকে প্রায় সব সেক্টরেই বিক্রির চাপ রয়েছে। অটো সূচক ১.৯৪ শতাংশ কমেছে, ফিনান্সিয়াল সার্ভিস ১.২৫ শতাংশ পড়েছে এবং পিএসইউ ব্যাঙ্ক সূচক ১.৬৪ শতাংশ কমেছে। ও দিকে রিয়েলটি ১.৫৬ শতাংশ এবং মেটাল ১.২৯ শতাংশ হ্রাস পেয়েছে।
কোন কোন স্টক পড়েছে?
আজ ভারতের শেয়ার মার্কেটের অধিকাংশ শেয়ারের দামই কমেছে। Eternal ২.৭৯ শতাংশ কমেছে, IndiGo ২.৮৩ শতাংশ পড়েছে, UltraTech Cement ২.৫৩ শতাংশ কমেছে, M&M ২.১৯ শতাংশ এবং Axis Bank ২.০৮ শতাংশ হ্রাস পেয়েছে।
এছাড়া Adani Ports ১.৯১ শতাংশ কমেছে, HDFC Bank ১.৭৩ শতাংশ এবং Reliance Industries ১.১৪ শতাংশ নেমেছে।
শুধু Bajaj Finance ৩.২৩ শতাংশও Bajaj Finserv ১.১৩ শতাংশ বৃদ্ধি পয়েছে। Infosys ও Tech Mahindra সামান্য ঊর্ধ্বমুখী।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।