
বৃহস্পতিবার খুশির হাওয়া ভারতের শেয়ারবাজারে। গ্রিন জোনে রয়েছে সেনসেক্স এবং নিফটি। বাজারের আইটি স্টকগুলি ঊর্ধ্বমুখী। পাশাপাশি অপরিশোধিত তেলের দামও মোটের উপর স্থিতিশীল রয়েছে। এছাড়া কোম্পানিগুলির কোয়ার্টার ওয়ানের ফলাফলও সামনে আসতে চলেছে। তাই মোটের উপর আপ ট্রেন্ডেই রয়েছে ভারতের স্টক মার্কেট।
সকাল সাড়ে ৯টা পর্যন্ত সেনসেক্স লাফিয়েছে ১৮৪.৩৮ পয়েন্ট। এটি ৭৭,৩৬৯.৮১-তে পৌঁছেছে। অন্যদিকে বাড়তে শুরু করেছে নিফটিও। এটি ৪২.৪০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এই ইন্ডেক্স পৌঁছে গিয়েছিল ২৪,১২০.৯০ পয়েন্টে।
বিশেষজ্ঞদের দাবি, বাজারের 'পজিটিভ মুড' বজায় রয়েছে। ইতিমধ্যেই অস্থিরতা কিছুটা কমেছে। আন্তর্জাতিক পরিস্থিতিও স্থিতিশীল। তবে এখনও যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রেখেছেন বিনিয়োগকারীরা।
আসলে আজ ব্রেন্ট ক্রুড ০.৪০ শতাংশ কমে ব্যারেল পিছু ৮৪.৬১ ডলারে এবং ডব্লিউটিআই ক্রুড ০.২৫ শতাংশ কমে ব্যারেল পিছু ৭৯.৪০ ডলারে নেমে এসেছে। যার ফলে জ্বালানির দাম আরও বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে।
এ দিকে আমেরিকার ডলারের বিপরীতে ভারতীয় টাকা অপরিবর্তিত অবস্থায় ৯৬.২৪৭৫-এ রয়েছে। এটির আগের দিনের ক্লোজিং ছিল ৯৬.২৫৫০-তে।
আইটি শেয়ারে ভাল খবর
আজ নিফটি আইটি দারুণ পারফর্ম করেছে। সূচকটি ১.৪৯ শতাংশ বেড়েছে। এর পরে রয়েছে নিফটি কনজিউমার ডিউরেবলস। এটি ১.৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া নিফটি মিডস্মল আইটি ও টেলিকম ১.০৯ শতাংশ, নিফটি কেমিক্যালস ০.৬৭ শতাংশ, নিফটি অটো ০.৬৩ শতাংশ এবং নিফটি এফএমসিজি ০.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোন কোন স্টকে দারুণ লাভ?
আজ কয়েকটি স্টকে বাম্পার গতি দেখা গিয়েছে। যেমন এইচসিএল টেক ২.৩২ শতাংশ বেড়ে শীর্ষে রয়েছে। এছাড়াও মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ১.৪৯ শতাংশ, টেক মহিন্দ্রা ১.৩০ শতাংশ, ইনফোসিস ১.৩০ শতাংশ, মারুতি সুজুকি ১.১৮ শতাংশ এবং টাইটান ১.০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তবে কিছু বড় বড় স্টকের আজ অবস্থা খারাপ। যেমন ধরুন আদানি পোর্টস ০.৫০ শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্ক ০.৪১ শতাংশ, বাজাজ ফিনসার্ভ ০.৩৩ শতাংশ, সান ফার্মা ০.২১ শতাংশ এবং এইচডিএফসি ব্যাঙ্ক ০.১৭ শতাংশ নেমেছে আজ।
আপট্রেন্ডেই থাকবে বাজার?
জিওজিৎ ইনভেস্টমেন্টস লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ড. ভি কে বিজয়কুমারের দাবি, অপরিশোধিত তেলের দামে বড় কোনও পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক বাজারও স্থিতিশীল। তাই ভারতীয় শেয়ারবাজার কিছুটা হলেও ইতিবাচক প্রবণতা বজায় রাখতে পারে। তবে আগামী কয়েক দিনে একাধিক সংস্থা প্রথম কোয়ার্টারের ফলাফল প্রকাশ করবে। তার ভিত্তিতেই প্রতিক্রিয়া দেখাবে বাজার।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।