
শেয়ারবাজারে লক্ষ্মীলাভ। বাম্পার লাভ বিনিয়োগকারীদের। আজ সপ্তাহের শেষ ট্রেডিং ডে-তে নিফটি এবং সেনসেক্স গ্রিন জোনে শেষ করেছে।
শুক্রবার সেনসেক্স ৯১৮ পয়েন্ট বেড়েছে। এটি ১.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সূচক ৭৭,৫৫০ পয়েন্টে শেষ করেছে। ও দিকে নিফটি আজ বৃদ্ধি পেয়েছে ২৭৫ পয়েন্ট। এটি ১.১৬ শতাংশ বেড়ে ২৪,০৫০ পয়েন্টে শেষ করেছে। ও দিকে নিফটি ব্যাঙ্ক বেড়েছে ১০৯১ পয়েন্ট।
আজ ৩০ স্টকের বিএসই-এর ২৫টি উপরে শেষ করেছে। মাত্র ৫টির দাম কমেছে। এ দিন সানফার্মা পড়ে ৪ শতাংশ। আবার আইসিসিআইসি ব্যাঙ্ক ওঠে ৩ শতাংশ। এর ফলে বিএসই-এর মার্কেট ক্যাপ ৪৪৪.৭৯ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ৪৫১.২০ লক্ষ কোটি টাকায় পৌঁছে যায়। যার সহজ অর্থ হল, ৬.৪০ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের।
এ দিন ৪৪৫৯টি স্টক ট্রেড করেছে সেনসেক্সে। সেখানে ৩,৩৬২ স্টক উঠেছে। নেমেছে ৯৪৪টি স্টক। আর ১৪৩টি ছিল আনচেঞ্জড। শুক্রবার ১১০টি স্টক নিজের ৫২ উইক হাইতে ছিল। আর ২০টি স্টক ৫২ উইক লো-তে ছিল। ৮৫টি স্টক আজ লোয়ার সার্কিট হিট করেছে। আর ৩৩৪টি স্টক আপার সার্কিট খেয়েছে।
কেন স্টক মার্কেট বাড়ল আজ?
১. আজ শেয়ারবাজারে বাম্পার কেনাকাটা চলেছে। ফিন্যান্স সেক্টর ১.৬ শতাংশ বেড়েছে। নিফটি পিএসইউ ব্যাঙ্ক এবং প্রাইভেট ব্যাঙ্ক সেক্টরের সূচক ১.৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২. সারা পৃথিবীর মার্কেটই আজ ছিল আপট্রেন্ডে। দক্ষিণ কোরিয়ার নিক্কেই থেকে শুরু করে চিনের সাংহাই এবং হংকংয়ের হ্যাংসেং, প্রায় সব মার্কেটই আজ উঠেছে। এমনকী আমেরিকার শেয়ারমার্কেটের ডাউ জোন্স এবং এসঅ্যান্ডপি-ও উপরের দিকে উঠেছে।
৩. আজ আবার বেড়েছে ভারতীয় টাকার দাম। ডলার প্রতি এর দাম ১০ পয়সা বেড়ে ৯২.৪১ টাকায় পৌঁছেছে। যার প্রতিফলন দেখেছে ভারতীয় শেয়ারবাজারও।
আইটি স্টকের হাল খারাপ
আজ খারাপ পারফর্ম করেছে আইটি স্টকগুলি। আইটি স্টক ইন্ডেক্স ১.৫ শতাংশ পড়েছে। মাথায় রাখতে হবে, ভাল রেজাল্ট হওয়ার পরও টিসিএস-এর শেয়ারের দাম অনেকটাই কমেছে। যার ফলে আইটি সেক্টরের হাল হয়েছে খারাপ।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।