
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে শুরু হয়েছিল যুদ্ধ তারপর থেকেই শেয়ার বাজারে ধস অব্যাহত। যদি শুধুমাত্র মার্চ মাসের পরিসংখ্যা ধরা হয়, সেক্ষেত্রে বিনিয়োগকারীদের প্রায় ৫১ ট্রিলিয়ন টাকা উবে গিয়েছে মার্কেট থেকে। আর এমন পরিস্থিতিতে 'সেফ' খেলতে শুরু করেছেন বিনিয়োগকারীদের একাংশ। তাঁরা টাকা ঢালছেন মিউচুয়াল ফান্ডে। যার জেরে বাড়ছে মিউচুয়াল ফান্ডে টাকার পরিমাণ। আর সেই টাকা আবার বাজারে খাটাচ্ছে ফান্ডগুলি।
শেয়ার বাজার কতটা ক্ষতির মুখ দেখেছে?
গত মার্চ মাস জুড়ে সেনসেক্স ও নিফটির সূচকে প্রায় ১১ শতাংশ পতনের সাক্ষী ছিল। FII ১.১১ লক্ষ কোটি টাকার শেয়ার বিক্রি করে বাজার থেকে আপাতত দূরত্ব বজায় রেখেছে। ফলে মার্চ মাস শেয়ার বাজারে পতন রীতিমতো কাঁদিয়ে ছেড়েছে অনেক বিনিয়োগকারীদের।
মিউচুয়াল ফান্ড মার্কেটে আশার আলো
শেয়ার বাজারের পতনের মধ্যে দেশীয় মিউচুয়াল ফান্ডগুলো আশার আলো দেখিয়েছে। আনন্দ রাঠি ওয়েলথের মিউচুয়াল ফান্ড প্রধান শ্বেতা রজনী ব্যাখ্যা করে জানান, "কিছুটা ভীতি থাকলেও মিউচুয়াল ফান্ড সংস্থাগুলো ভারতীয় শেয়ার বাজারে প্রায় ৯০,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। রজনীর মতে, বাজারের এই নেগেটিভ থাকা ফান্ড ম্যানেজারদের জন্য কেনার চমৎকার সুযোগ তৈরি করেছে, যা তাঁরা দারুণ ভাবে কাজে লাগিয়েছেন।"
শ্বেতা জানাচ্ছেন, ফান্ড ম্যানেজারদের কাছে ইতিমধ্যেই বিপুল পরিমাণ নগদ অর্থ জমা ছিল। তথ্য অনুযায়ী, মার্চ মাসে মিউচুয়াল ফান্ড স্কিমগুলিতে নতুন বিনিয়োগ হিসাবে প্রায় ৬০,০০০ কোটি টাকা এলেও, মোট ক্রয়ের পরিমাণ ছিল ৯০,০০০ কোটি টাকা। অর্থাৎ ফান্ড ম্যানেজাররাও এই মন্দার সময় ফেব্রুয়ারির শেষে জমানো প্রায় ৩০,০০০ কোটি টাকার নগদ অর্থ বাজারে ঢেলেছেন। কারণ বাজার পড়তেই তাঁরা কম দামে ভালো স্টকগুলি বেছে বেছে কিনে নিয়েছেন।
তবে, এই ৯০,০০০ কোটি টাকার অঙ্ক NSE-র প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি। শ্বেতা রজনী জানান, বিনিয়োগের সঠিক ও চূড়ান্ত পরিমাণ এই সপ্তাহের শেষের দিকে প্রকাশ করা হবে। বাজার বিশ্লেষকরা বলছেন, যখন বিদেশি বিনিয়োগকারীরা আতঙ্কে সরে যাচ্ছেন, তখন দেশীয় ফান্ড ম্যানেজারদের এই উল্লেখযোগ্য বিনিয়োগ বাজারকে স্থিতিশীল করতে সাহায্য করতে পারে।
(বিশেষ দ্রষ্টব্য: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকির অধীন। এই রিপোর্টটি শুধুমাত্র তথ্য জানানোর উদ্দেশ্যে প্রকাশ করা হল। এটিকে বিনিয়োগ পরামর্শ হিসেবে দেখা উচিত নয়। শেয়ার বাজার বা যে কোনও আর্থিক বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, নিজে দায়িত্বে বিনিয়োগ করুন।)