
সোমবারের ট্রেন্ড রয়েছে মঙ্গলবারও। আজও সেনসেক্স এবং নিফটির হাল খারাপ। যার ফলে পরপর দুই দিন তলিয়ে গেল ভারতের শেয়ারবাজার। আজ দিনের শুরুতেই ৭০০-এর বেশি পয়েন্ট পড়েছে সেনসেক্স। আর ১৬০ পয়েন্ট নেমে গিয়েছে নিফটি। এ দিন সেনসেক্সে টেক মাহিন্দ্রা, টিসিএস এবং অন্যান্য টেক কোম্পানির অবস্থা হয়েছে সবথেকে খারাপ।
আসলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও উত্তপ্ত। এমন পরিস্থিতিতে দেশবাসীকে সোনা কিনতে বারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, পেট্রোল এবং ডিজেল ব্যবহার কমানোর পরামর্শও দিয়েছেন। আর তাতেই হু হু করে পড়ছে স্টক মার্কেট।
সেনসেক্স এবং নিফটির হাল খারাপ
আগের দিনের ক্লোজিং ৭৬,০১৫ থেকে অনেকটা নেমে ৭৫,৬৮৮ পয়েন্টে ওপেনিং করে সেনসেক্স। তারপর এটা আরও পড়ে যায়। কয়েক মিনিটে ৭২৩ পয়েন্ট তলিয়ে গিয়ে ৭৫,২৯১ পয়েন্টে ট্রেডিং করতে থাকে।
একই হাল ছিল নিফটির। এই সূচকও আজ রেড জোনে শুরু করে। সোমবার এই সূচকের ক্লোজিং ছিল ২৩,৮১৫ পয়েন্টে। কিন্তু আজ দিনের শুরুতে এটা ওপেনিং করে ২৩,৭২২ পয়েন্টে। তারপর এটা স্লিপ করে যায় ২৩,৬৩৩ পয়েন্টে। আর তাতেই বড়সড় ক্ষতি হয়ে যায় বিনিয়োগকারীদের। ডুবতে থাকে কোটি কোটি টাকা।
কোন কোন স্টকের হাল খারাপ?
আজ একাধিক স্টকের হাল খারাপ। বিএসই লার্জক্যাপ সেকশনে টিসিএস-এর শেয়ার ৩.৬১ শতাংশ, ইনফোসিসের শেয়ার ৩.৩০ শতাংশ, টেক মাহিন্দ্রার শেয়ার ২.৮০ শতাংশ, এইচসিএল-এর শেয়ার ২.৩০ শতাংশ নেমেছে। এছাড়া ইউপিএল শেয়ার ৪.১০ শতাংশ, হিন্দুস্তান পেট্রোলিয়ামের শেয়ার ৩.৬০ শতাংশ এবং কোফর্জের শেয়ার ৩ শতাংশ নেমেছে আজ। যার ফলে বিরাট ক্ষতি হয়েছে সাধারণ লগ্নিকারীদের।
কেন এমন পরিস্থিতি?
শেয়ারবাজারের এই রক্তক্ষরণের নেপথ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্য রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসলে রবিবার তিনি দেশের সাধারণ জনগণকে ১ বছরের জন্য সোনা কিনতে বারণ করেন। পাশাপাশি পেট্রোল, ডিজেল ব্যবহার কমানোর পক্ষেও করেন সওয়াল। মূলত হরমুজ পরিস্থিতিকে মাথায় রেখেই তিনি এই পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী দেশের সাধারণ জনগণকে আর্জি জানান, আমাদের আশপাশেই যুদ্ধ হচ্ছে। তার প্রভাব পড়ছে গোটা পৃথিবীতে। এমনকী ভারতেও এর প্রভাব পড়েছে। তাই এক বছরের জন্য সোনা কিনতে বারণ করেন তিনি। পাশাপাশি তেল ব্যবহারে লাগাম টানার পরামর্শ দেন। যদিও শুধু মোদীর বার্তা নয়, এছাড়া বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধিও স্টক মার্কেটের উপর চাপ ফেলছে। তার ফলেও একাধিক স্টকের হাল খারাপ।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।