
সোমবার, সপ্তাহের প্রথমদিনই বিনিয়োগকারীদের মুড ভাল। কারণ, আমেরিকা থেকে একটা খবর আসার পরই রকেট উত্থান হচ্ছে সেনসেক্স এবং নিফটির। এ দিন সেনসেক্স ৬০০ পয়েন্টের বেশি লাফিয়েছে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটি বেড়েছে ১৮০ পয়েন্ট। যার ফলে ইন্ডিগো, ইনফোসিস, ইটারনাল এবং ব্যাঙ্কিং স্টকে বাম্পার প্রফিট মিলছে।
আমেরিকা এবং ইরানের যুদ্ধ নিয়ে লেটেস্ট খবর আসার পরই লাফাচ্ছে শেয়ারবাজার। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে হামলা স্থগিত রেখেছেন। তিনি এই যুদ্ধের কূটনৈতিক সমাধান চাইছেন। আর এই খবরেই লাফাচ্ছে শেয়ারবাজার। একাধিক স্টক হু হু করে উঠছে। তাতেই ঘরে টাকা ঢুকছে বিনিয়োগকারীদের।
সেনসেক্স এবং নিফটিতে বিরাট লাফ
আজ দিনের শুরুতেই ৭৬৬০৮ পয়েন্ট খোলে সেনসেক্স। এটি নিজের আগের দিনের ক্লোজিং ৭৬০৫৯ থেকে কিছুটা উপরে শুরু করে। তারপর কয়েক মিনিটের মধ্যেই এটি রকেটের গতিতে পৌঁছে যায় ৭৬,৬৯৬ পয়েন্ট।
আজ একই হাল ছিল নিফটিরও। এটি আজ ২৩,৯২৮-এ খোলে। শুক্রবারের ক্লোজিং ২৩,৭৬২ থেকে কিছুটা উপরে থেকেই শুরু করে এটি। তারপর লম্বা লাফ দেয় নিফটি। এই সূচক পৌঁছে যায় ২৩,৯৬৪ পয়েন্টে।
কোন কোন স্টক আজ মালামাল করছে?
উপরে উঠছে সেনসেক্স এবং নিফটি। যার ফলে মালামাল করে দিচ্ছে কয়েকটি স্টক। এই যেমন ইন্ডিগো ৩.৮০ শতাংশ, ইনফোসিস ৩.২০ শতাংশ, ইটারনল ২.৯০ শতাংশ, এশিয়ান পেইন্টস ২.৫৪ শতাংশ এবং টিসিএস ২.৪০ শতাংশ লাফিয়েছে। এছাড়া টেক মাহিন্দ্রা, ট্রেন্ট, মারুতির মতো স্টকেই দ্রুততা দেখা গিয়েছে।
কেন বাড়ছে সেনসেক্স ও নিফটি?
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় শেয়ারবাজারের এই উত্থানের নেপথ্যের সঙ্গে বিদেশি ঘটনার যোগ রয়েছে। আমেরিকা এবং ইরানের সংঘর্ষ থামার ইঙ্গিত মিলতেই অপরিশোধিত তেলের দাম কমেছে। যার জেরে উত্থান হয়েছে শেয়ারবাজারের।
আসলে যুদ্ধ বন্ধের খবর সামনে আসার পরই ব্যারেল প্রতি ৯০ ডলারের নীচে নেমে গিয়েছে অপরিশোধিত তেলের দাম। এর ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কা কমেছে। তাতেই লাফিয়েছে এশিয়ার একাধিক শেয়ারবাজার। আর সেই ট্রেন্ডই ফলো করেছে সেনসেক্স এবং নিফটি। তাতেই লক্ষ্মীলাভ হচ্ছে বিনিয়োগকারীদের। কোটি কোটি টাকা ঘরে তুলছেন তারা।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।