
সিঙ্গুরে হবে অশোক লেল্যান্ডের ট্রাক তৈরি কারখানা। শনিবার এমন দাবিই করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার সিঙ্গুর নিয়ে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সেই প্রশ্নে কী জবাব দিলেন? শুভেন্দু জানালেন, সিঙ্গুরে ৯৯৭ একর জমি অধিগ্রহণের টার্গেট সরকারের।
সিঙ্গুর ঘিরে রাজ্য রাজনীতি দেখেছে নানা ঘটনা। একটা সময়ে টাটা মোটরসের ন্যানো গাড়ির কারখানা তৈরির পরিকল্পনা। ২০০৬ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার ওই প্রকল্পের জন্য প্রায় ৯৯৭ একর জমি অধিগ্রহণ। জমি অধিগ্রহণের বিরুদ্ধে দীর্ঘ আন্দোল। নেতৃত্বে ছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষপর্যন্ত ২০০৮ সালে ন্যানো প্রকল্প গুজরাতের সানন্দে সরিয়ে নিয়ে যায় টাটা মোটরস। ২০১৬ সালের অগাস্টে সুপ্রিম কোর্ট জমি অধিগ্রহণ খারিজ করে দিয়ে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই সিঙ্গুরেই বিধানসভা ভোটের সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নেতারাও বারবার সেখানে শিল্প করার প্রতিশ্রুতি দিয়েছেন ভোটপ্রচারে। সিঙ্গুর আবারও আলোচনায় উঠে আসে শনিবার সুকান্ত মজুমদারের একটি মন্তব্যের পর। তিনি দাবি করেছেন, সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়বে অশোক লেল্যান্ড।
'৯৯৭ একর জমি কিনবে সরকার'
রবিবার সাংবাদিক বৈঠকে আরও একধাপ এগোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন,'জমি কিনতে বলেছি পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে। সিঙ্গুরেও কথাবার্তা বলছি। হুগলির জেলাশাসককে বলা আছে। ওখানে যুক্তিসঙ্গত দামে জমি নিচ্ছি। প্রস্তাব আছে। জমিটা আমরাই দেব'। সেখানে কি অশোক লেল্যান্ডের কারখানা হবে? মুখ্যমন্ত্রীর মন্তব্য,'জমিটা কেনার পর কাকে দেব, সেটা আপনারা দেখতে পারবেন। সিঙ্গুরে কিছু না কিছু হবে। ওখানকার কৃষকরা ওই জমিতে আলু, ধান চাষ করতে পারছেন না। আমাদের টার্গেট ৯৯৭ একর মতো জমি। হুগলির জেলাশাসক কাজ করছেন'।
সিঙ্গুরে অশোক লেল্যান্ড?
এর আগে রাজ্যের শিল্পনীতি ঘোষণার সময়েও সিঙ্গুর নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেছিলেন,'সিঙ্গুরে আমরা অবশ্যই কিছু একটা করব। বাণিজ্যিক ভারী গাড়ির নির্মাতা সংস্থা অশোক লেল্যান্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনও চূড়ান্ত হয়নি। তাই এ নিয়ে আর একটি শব্দও বলতে চাই না। শুধু এটুকু বলতে পারি, সিঙ্গুরের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে'।
বাম ও তৃণমূলকে নিশানা
সিঙ্গুরে জমি অধিগ্রহণ নিয়ে বাম ও তৃণমূল সরকারের নীতিকেও বিঁধেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়,'বামেদের সময়ে বন্দুক ঠেকিয়ে, লাঠি দিয়ে মাথা ফাটিয়ে জমি নেওয়া হত। আমরা সেই নীতির বিরোধী। আর তৃণমূল আমলের মতো জমি জোগাড় করে নিন বলারও বিরোধী আমরা। আমরা শিল্পের জন্য জমি কিনছি। ল্যান্ড ব্যাঙ্ক তৈরি হচ্ছে'।