
রাস্তায় বেরোলেই দেখবেন জুপিটার স্কুটি বা অ্যাপাচে বাইক। তার গায়ে তিনটি অক্ষর চোখে পড়বেই টিভিএস (TVS)। প্রায় ১১৫ বছরের পুরনো ভারতীয় অটোমোবাইল শিল্পের এই সংস্থার বাজারমূল্য এখন ২ লক্ষ ১৩ হাজার কোটি টাকারও বেশি। ওই সংস্থার মালিক পরিবারে এমন সংঘাত শুরু হয়েছে যে, তা আর ঘরের চার দেওয়ালে আটকে নেই। পৌঁছে গিয়েছে আদালতে। এই বিবাদের একদিকে শিল্পপতি বেণু শ্রীনিবাসন এবং তাঁর ছেলে সুদর্শন বেণু। অন্যদিকে বেণুর স্ত্রী মল্লিকা শ্রীনিবাসন এবং মেয়ে লক্ষ্মী বেণু। ব্যবসার থেকেও এই বিবাদের কেন্দ্রে রয়েছে পারিবারিক সম্পর্ক। মা-মেয়ে বনাম বাবা-ছেলে। টিভিএস গোষ্ঠীকে পুরো কাহিনি আজ তুলে ধরব।
প্রথমে ফিরে যেতে হবে ১৯১১ সালে। মাদুরাইয়ে বাস পরিবহণের ব্যবসা শুরু করেছিলেন টিভি সুন্দরম আয়েঙ্গার। সেখান থেকেই জন্ম টিভিএস গোষ্ঠীর। সংস্থার নামের টিভিএস আসলে টিভি সুন্দরমের নামের আদ্যক্ষর। সময়ের সঙ্গে পরিবারের সদস্য সংখ্যা বেড়েছে, বেড়েছে ব্যবসার পরিধিও। শেষপর্যন্ত ২০২০ সালে সিদ্ধান্ত হয় ব্যবসার ভাগাভাগি হবে। টিভিএস মোটর কোম্পানি, টিভিএস হোল্ডিংস এবং টিভিএস ক্রেডিটের দায়িত্ব দেওয়া হয় বেণু শ্রীনিবাসন এবং তাঁর পরিবারকে।
বেণু শ্রীনিবাসন পরিবারে বিবাদ
পরিবারের বাকি তিনটি শাখায় বড় কোনও বিবাদ হয়নি। কিন্তু সবচেয়ে লাভজনক ব্যবসাগুলির দায়িত্ব যে পরিবারের হাতে এসেছিল, সেই বেণু শ্রীনিবাসনের পরিবারেই শুরু হয় সংঘাত। এই পরিবারের হাতে আছে টিভিএস মোটর কোম্পানি, টিভিএস হোল্ডিংস এবং টিভিএস ক্রেডিট। পারিবারিক সমঝোতা অনুযায়ী, এই সংস্থাগুলির চেয়ারম্যান এমেরিটাস হন বেণু শ্রীনিবাসন। তাঁর এক ছেলে এবং এক মেয়ে। মেয়ে লক্ষ্মী বেণু বয়সে বড়। ছেলে সুদর্শন বেণু। ছেলে সুদর্শন বেণুর হাতে তুলে দেওয়া হয় টিভিএস মোটর কোম্পানির দায়িত্ব। বর্তমানে এই সংস্থার বাজারমূল্য ২ লক্ষ ১৩ হাজার কোটি টাকারও বেশি। অন্যদিকে, মেয়ে লক্ষ্মী বেণুর ভাগে পড়ে অটোমোবাইল যন্ত্রাংশ প্রস্তুতকারী সংস্থা সুন্দরম ক্লেটনের দায়িত্ব। এই সংস্থার বাজারমূল্য আনুমানিক ২ হাজার থেকে ২ হাজার ৪০০ কোটি টাকা।
ছেলেকে উত্তরাধিকারী বাছলেন বাবা
কিন্তু আসল বিবাদের সূত্রপাত অক্টোবর মাসে। ওই সময় টিভিএস হোল্ডিংসের তরফে বেণু শ্রীনিবাসন তাঁর ছেলে সুদর্শন বেণুকে সংস্থার প্রধান প্রোমোটার হিসাবে নিযুক্ত করেন। সহজ কথায়, বাবা নিজের ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসাবে ছেলেকেই বেছে নেন।
আর এখান থেকেই শুরু হয় যাবতীয় বিতর্ক। সুদর্শন প্রোমোটার হওয়ার পর তাঁর বাবার সম্পদও কার্যত তাঁর অংশের সঙ্গে যুক্ত হয়ে যায়। বাজার বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, সেই সম্পদের পরিমাণ প্রায় ৬৮ হাজার কোটি টাকা। অন্যদিকে, লক্ষ্মীর সম্পদের পরিমাণ দাঁড়ায় মাত্র ২২০ কোটি টাকার আশপাশে।
আইনি নোটিশ মেয়ের, সমর্থন মায়ের
বাবা বেণু শ্রীনিবাসনকে আইনি নোটিস পাঠান লক্ষ্মী। ২০২৬ সালের ১৬ নভেম্বর পাঠানো ওই নোটিশে তাঁর দাবি, পারিবারিক সম্পত্তিতে অর্ধেক অধিকার রয়েছে তাঁরও। মেয়ের এই দাবিকে সমর্থন করেছেন বেণু শ্রীনিবাসনের স্ত্রী মল্লিকা শ্রীনিবাসনও। ট্র্যাক্টর প্রস্তুতকারী সংস্থা টাফের (TAFE) চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মল্লিকা এ বিষয়ে একটি প্রকাশ্য বিবৃতি দিয়েছেন। সেখানে তাঁর বক্তব্য, মায়ের কাছে ছেলে ও মেয়ে সব দিক থেকেই সমান। পারিবারিক সম্পত্তিতে সুদর্শনের মতোই লক্ষ্মীরও সমান অধিকার রয়েছে বলে তিনি মনে করেন। মল্লিকার যুক্তি, আধুনিক ভারতের আইনে পিতৃতন্ত্রের কোনও জায়গা নেই। শুধু ট্রেডমার্ক ব্যবহারের অধিকার ভাগ করে দেওয়ার চুক্তিকে সম্পত্তির বণ্টন বলে চালানো যায় না।
হিন্দু উত্তরাধিকার আইন কী বলছে?
২০০৫ সালে সংশোধিত হিন্দু উত্তরাধিকার আইনের ভিত্তিতেই নিজের দাবি জানিয়েছেন লক্ষ্মী। তাঁর বক্তব্য, পৈতৃক সম্পত্তিতে ছেলের মতো মেয়েরও সমান অধিকার রয়েছে। এমনকি বিয়ের পরেও সেই অধিকার খর্ব হয় না। তাই পরিবারের সম্পত্তি, টিভিএস হোল্ডিংস, টিভিএস মোটর এবং টিভিএস ক্রেডিট সার্ভিসেসের মতো সংস্থায় ভাই সুদর্শনের সমান অংশ চান তিনি।
বেণু শ্রীনিবাসনদের যুক্তি কী?
বেণু শ্রীনিবাসনের শিবিরের যুক্তি, ২০২৪ সালের মার্চ মাসে পরিবারের চার সদস্য একটি সমঝোতাপত্রে সই করেছিলেন। সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছিল, সুদর্শন টিভিএস মোটরের দায়িত্ব সামলাবেন এবং লক্ষ্মীর হাতে থাকবে সুন্দরম ক্লেটন। বেণুর আরও দাবি, এই সম্পত্তিগুলি তাঁর নিজের তৈরি এবং উপার্জিত ব্যক্তিগত সম্পদ। ফলে সেগুলি কীভাবে ভাগ করা হবে, তা ঠিক করার অধিকার তাঁর রয়েছে।
লক্ষ্মী বেণু কে?
লক্ষ্মী কোনও অনভিজ্ঞ ব্যবসায়ী নন। আমেরিকার রচেস্টার থেকে ডক্টরেট করেছেন। সুন্দরম ক্লেটনের ম্যানেজিং ডিরেক্টর হওয়ার পাশাপাশি দেশের দ্বিতীয় বৃহত্তম ট্র্যাক্টর প্রস্তুতকারী সংস্থা টাফের ভাইস চেয়ারম্যানও।
এই লড়াই যে আগামী দিনে আইনি জটিলতায় জড়াবে, তা বলাই যায়। টিভিএস সাম্রাজ্যের এই পারিবারিক মহাভারতের শেষ কোথায়, এখন সেটাই দেখার।