
ইউনিফায়েড পেনশন স্কিম বা UPS-এ কোনও পরিবর্তন বা সেটিকে অন্য কোনও ব্যবস্থায় প্রতিস্থাপনের পরিকল্পনা করা হচ্ছে না। লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS-এর আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য UPS একটি ঐচ্ছিক পেনশন ব্যবস্থা হিসেবেই চালু থাকবে।
অর্থমন্ত্রী বলেন, 'NPS-এর আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য UPS একটি বিকল্প হিসেবে চালু করা হয়েছে। বর্তমানে UPS-এ কোনও পরিবর্তন আনা বা এটিকে বদলে দেওয়ার কোনও প্রস্তাব সরকারের বিবেচনায় নেই।'
ইতিমধ্যেই ১.১৮ লক্ষের বেশি কর্মী বেছে নিয়েছেন UPS
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত মোট ১,১৮,৪০৪ জন UPS বেছে নিয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মী, বর্তমানে কর্মরত কর্মী এবং যোগ্য অবসরপ্রাপ্ত কর্মীরা। UPS ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হয়। এই প্রকল্পে অবসর-পরবর্তী নির্দিষ্ট পেনশনের নিশ্চয়তা দেওয়া হলেও তা অবদানভিত্তিক পেনশন ব্যবস্থার মধ্যেই রয়েছে।
কী এই ইউনিফায়েড পেনশন স্কিম?
UPS চালু করা হয়েছে যাতে NPS-এর আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মীরা অবসরের পর নিশ্চিত পেনশন পান। অবসরের আগে শেষ ১২ মাসের গড় মূল বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পাওয়া যাবে। পেনশনভোগীর মৃত্যু হলে তাঁর যোগ্য পরিবারের সদস্যরা মূল পেনশনের ৬০ শতাংশ পেনশন হিসেবে পাবেন। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন সংশোধনের ব্যবস্থাও রয়েছে।
UPS-এর সুবিধা পাবেন কারা পাবেন?
এটি পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ৩১ মার্চ ২০২৫ বা তার আগে অবসর নেওয়া যোগ্য কর্মীরা, যদি তাঁদের অন্তত ১০ বছর নিয়মিত চাকরি থাকে। যোগ্য মৃত অবসরপ্রাপ্ত কর্মীর আইনত বিবাহিত স্বামী বা স্ত্রীও এই সুবিধার আওতায় থাকবেন।
UPS-এ কী কী অতিরিক্ত সুবিধা রয়েছে?
UPS বেছে নেওয়া কর্মীরা NPS-এর অধীনে থাকা একাধিক সুবিধাও পাবেন। যেমন। অবসরকালীন গ্র্যাচুইটি এবং মৃত্যুকালীন গ্র্যাচুইটি। এছাড়া চাকরিরত অবস্থায় মৃত্যু, অক্ষমতা বা স্থায়ী প্রতিবন্ধকতার ক্ষেত্রে কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস নিয়ম অনুযায়ী সুবিধা মিলবে।
করছাড়ের সুবিধা ও NPS-এ ফেরার সুযোগ
সরকার UPS গ্রাহকদের জন্যও NPS-এর মতো একই করছাড়ের সুবিধা দিয়েছে। পাশাপাশি, UPS-এ যাওয়া কর্মীদের একবারের জন্য অপরিবর্তনীয় বিকল্প হিসেবে আবার NPS-এ ফিরে যাওয়ার সুযোগও দেওয়া হয়।