
প্রতিশ্রুতি মতোই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে একধাক্কায় বেড়েছে ডিএ। জুন মাসে একধাক্কায় ২০% মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির অনুমোদন করে নবান্ন। এতদিন পর্যন্ত ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীরা। এবারে সঙ্গে ২০ যুক্ত হয়ে পয়লা অক্টোবর থেকে ৩৮% হারে ডিএ পেতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা।
সরকারের তরফে জানানো হয়েছে, অক্টোবরে পুজোর আগে বর্ধিত DA-সহ মাসের বেতন দিয়ে দেওয়া হবে। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) এক কিস্তিতে মিটিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে রাজ্যের অর্থ দফতর। তারই সঙ্গে কী ভাবে এই ডিএ মেটানো হবে, তার নির্দেশিকাও জারি করেছে রাজ্য সরকার।
অক্টোবরেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা
অক্টোবরেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন। এর পাশাপাশি অক্টোবরের বেতনও অগ্রিম পাচ্ছেন রাজ্যের কর্মীরা। তৃণমূল সরকারের আমলে ডিএ-র হার ছিল ১৮ শতাংশ। রাজ্যের নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে তা ২০ শতাংশ বাড়িয়ে ৩৮ শতাংশ করেছে। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে এক লাফে। পঞ্চম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা বেড়েছে ৫২ শতাংশ। ১ অক্টোবর থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হচ্ছে। চলতি বছরেই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা সরকারি কর্মীদের ডিএ ২০ শতাংশ বৃদ্ধি করা হয়। পুরনো বেতন কাঠামোয় যাঁরা রয়েছেন তাঁদের ডিএ বেড়েছে ৫২ শতাংশ। পঞ্চম বেতন কমিশনের আওতায় যে সকল সরকারি কর্মীরা রয়েছেন তাঁরা ডিএ পেতে ১৭১ শতাংশ হারে। নতুন বর্ধিত হারে তাঁরা ২২৩ শতাংশ ডিএ পাবেন। যাঁরা এখনও রোপা ২০০৯ অনুযায়ী পারিবারিক পেনশন পাচ্ছেন, তাঁরাও ২২৩% হারে মহার্ঘ ত্রাণ (ডিয়ারনেল রিলিফ বা ডিআর) পাবেন।
১৫ অক্টোবর অ্যাকাউন্টে ঢুকবে টাকা
দুর্গাপুজোর আবহে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য জোড়া সুখবর দিয়েছে নবান্ন। অক্টোবর মাসের বেতন বা পেনশনের জন্য আর মাসের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। পুজোর আগেই, আগামী ১৫ অক্টোবর কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অক্টোবর মাসের সম্পূর্ণ বেতন ও পারিশ্রমিক। একই দিনে মিলবে মাসিক পেনশন এবং ফ্যামিলি পেনশনও। শুধু তাই নয়, এই মাসের বেতনের সঙ্গে একধাক্কায় যোগ হচ্ছে ২০ শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ)। ফলে উৎসবের মরশুমে কর্মীদের ইন-হ্যান্ড বেতন এক ধাক্কায় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে।
অর্থ দফতরের নির্দেশিকায় কী বলা হয়েছে?
রাজ্য সরকারের অর্থ দফতর গত ২৩ সেপ্টেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সাধারণ নিয়ম অনুযায়ী মাসের শেষ কাজের দিনে বেতন হলেও উৎসবের কথা বিবেচনায় রেখে সরকার এই পদক্ষেপ নিয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে-- অক্টোবর মাসের বেতন, মজুরি, পারিশ্রমিক, সাম্মানিক এবং স্টাইপেন্ড সবই আগামী ১৫ অক্টোবর মিটিয়ে দেওয়া হবে। ওই একই দিনে পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের অর্থও মিটিয়ে দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্যের সমস্ত ট্রেজারি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আগেভাগেই প্রয়োজনীয় বিল ও নথি জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।
১৮% থেকে বেড়ে ৩৮% ডিএ বেড়ে কার কত বেতন হবে?
বেতন এগিয়ে আসার চেয়েও বড় চমক রয়েছে মহার্ঘ ভাতায়। অর্থ দফতরের ৪ অগাস্ট ২০২৬ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর থেকে কর্মীদের ডিএ-র হার ১৮ শতাংশ থেকে একলাফে বাড়িয়ে ৩৮ শতাংশ করা হয়েছে। অর্থাৎ মোট ২০ শতাংশ পয়েন্ট ডিএ বৃদ্ধি পেয়েছে। বেসিক পে বা মূল বেতনের ওপর ভিত্তি করে এই বৃদ্ধির ফলে কর্মীদের মাসিক আয়ে বড় পরিবর্তন আসবে:
২০,০০০ মূল বেসিক পে হলে
আগে ১৮% হারে ডিএ মিলত ৩,৬০০। নতুন ৩৮% হারে তা বেড়ে দাঁড়াবে ৭,৬০০। অর্থাৎ প্রতি মাসে সরাসরি ৪,০০০ টাকা বেশি পাবেন।
৩০,০০০ মূল বেসিক পে হলে
পূর্বে প্রাপ্য ডিএ ছিল ৫,৪০০-- ৩৮% হারে তা বেড়ে হবে ১১,৪০০। ফলে মাসিক অতিরিক্ত আয় বৃদ্ধি পাবে ৬,০০০ টাকা।
৪০,০০০ মূল বেসিক পে হলে
আগে যেখানে ৭,২০০ ডিএ মিলত, এখন তা দাঁড়াবে ১৫,২০০। অর্থাৎ মাসিক বৃদ্ধি ঘটবে পুরো ৮,০০০ টাকা।
উল্লেখ্য, এই হিসাবটি শুধুমাত্র বেসিকের উপর ডিএ-র পার্থক্যের নিরিখে। বাড়িভাড়া ভাতা (HRA), অন্যান্য ভাতা বা পিএফ-ট্যাক্স কর্তনের পর চূড়ান্ত টেক-হোম বেতনের অঙ্কে সামান্য হেরফের হতে পারে।
কারা পাবেন এই বর্ধিত সুবিধা?
অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী, মূল রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি আরও একাধিক ক্ষেত্রের কর্মীরা এই আগাম বেতন ও বর্ধিত ডিএ-র আওতায় পড়বেন। যাঁদের মধ্যে রয়েছে-
সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীবৃন্দ।
রাজ্যের বিভিন্ন বিধিবদ্ধ সংস্থা (Statutory Bodies) ও স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।
ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সমস্ত কর্মী ও আধিকারিক।
পুরসভা, পুরনিগম ও অন্যান্য স্থানীয় পুরপ্রশাসনের কর্মীরা।
সংশোধিত নিয়মের আওতায় থাকা পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী (DR)।
পেনশনভোগীদের জন্যও স্বস্তি
রাজ্য সরকারি কর্মীদের মতো পেনশনভোগীরাও আগামী ১৫ অক্টোবর বর্ধিত ডিয়ারনেস রিলিফ (DR) সহ পুরো পেনশন পাবেন। সংশোধিত নিয়মে পেনশনভোগীরা ৩৮ শতাংশ হারে ডিআর পাবেন। অন্যদিকে, যাঁরা এখনও প্রি-রিভাইজড পে-স্ট্রাকচার (ROPA 2009) অনুযায়ী পেনশন পান, তাঁদের ক্ষেত্রে নির্ধারিত ২২৩ শতাংশ হারে ডিআর কার্যকর হবে।
পুজোর আগে বেতনে কতটা স্বস্তি?
হিসাব বলছে, ১ অক্টোবর থেকে ২০ শতাংশ DA বাড়ায় মূল বেতনের প্রতি ১০,০০০ টাকায় অতিরিক্ত ২,০০০ টাকা DA যোগ হবে।
অর্থাৎ—
₹২০,০০০ মূল বেতন → ₹৪,০০০ বেশি
₹৩০,০০০ মূল বেতন → ₹৬,০০০ বেশি
₹৪০,০০০ মূল বেতন → ₹৮,০০০ বেশি
আর অক্টোবরের বেতন ১৫ অক্টোবর দেওয়ার সিদ্ধান্তের ফলে নতুন DA-র সুবিধা পুজোর আগেই বেতনে যুক্ত হওয়ার কথা। তবে কর্মীর হাতে শেষ পর্যন্ত কত টাকা জমা পড়বে, তা তাঁর অন্যান্য ভাতা ও বেতন থেকে হওয়া কর্তনের উপর নির্ভর করবে।