Advertisement

West Bengal 7th Pay Commission : সপ্তম বেতন কমিশন গঠন করল রাজ্য সরকার, কবে থেকে বেতন বাড়বে সরকারি কর্মীদের?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশন রাজ্য সরকারের কর্মচারীদের বেতন, ভাতা, নগদ ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করবে। একই সঙ্গে মহার্ঘ ভাতা (ডিএ), বিভিন্ন বিশেষ ভাতা, ভ্রমণ ভাতা, পেনশন এবং অবসর-পরবর্তী সুবিধাগুলিও খতিয়ে দেখা হবে।

সপ্তম বেতন কমিশন গঠন করল সরকার সপ্তম বেতন কমিশন গঠন করল সরকার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jul 2026,
  • अपडेटेड 6:00 PM IST
  • বুধবার অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে এই কমিশন গঠনের কথা ঘোষণা করা হয়েছে
  • সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিশনের চেয়ারম্যান করা হয়েছে ভারতের অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তীকে

চলতি অর্থবর্ষের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু করা হবে। মঙ্গলবারই ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই ঘোষণার মাত্র ২৪ ঘণ্টা পরই সপ্তম বেতন কমিশন গঠন করে দিল রাজ্য সরকার। ফলে খুশি সরকারি কর্মীরা। এই কমিশন চালু হলে রাজ্যের সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। 

বুধবার অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে এই কমিশন গঠনের কথা ঘোষণা করা হয়েছে। সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিশনের চেয়ারম্যান করা হয়েছে ভারতের অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তীকে। সদস্য হিসেবে রয়েছেন সেন্টার ফর পলিসি রিসার্চ (CPR)-এর সিনিয়র ফেলো ড. পার্থ মুখোপাধ্যায় এবং আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ড. পার্থ প্রতিম পাল। কমিশনের সদস্য-সচিব হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের সচিব দেবী প্রসাদ করণম (IAS)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশন রাজ্য সরকারের কর্মচারীদের বেতন, ভাতা, নগদ ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করবে। একই সঙ্গে মহার্ঘ ভাতা (ডিএ), বিভিন্ন বিশেষ ভাতা, ভ্রমণ ভাতা, পেনশন এবং অবসর-পরবর্তী সুবিধাগুলিও খতিয়ে দেখা হবে। বর্তমান কর্মচারীদের নতুন বেতন কাঠামোয় প্রাথমিক বেতন নির্ধারণ এবং বিদ্যমান পেনশনভোগীদের পেনশন সংশোধনের পদ্ধতি সম্পর্কেও সুপারিশ করবে কমিশন। 

এছাড়া পদোন্নতির নীতি, কর্মদক্ষতা, জবাবদিহি, প্রশাসনিক দক্ষতা ও কর্মজীবন-ব্যক্তিজীবনের ভারসাম্যের বিষয়েও সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনকে। 

সরকার স্পষ্ট করেছে, সুপারিশ তৈরির সময় কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো, অন্যান্য রাজ্যের বেতন ব্যবস্থা, রাজ্যের আর্থিক সক্ষমতা এবং অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের (8th Central Pay Commission) সুপারিশের উপর কেন্দ্রের সিদ্ধান্তকেও বিবেচনায় রাখা হবে। 

কমিশনের সদর দফতর হবে কলকাতায়। প্রয়োজন হলে রাজ্যের অন্যত্র বা দিল্লিতেও বৈঠক করতে পারবে কমিশন। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৬ মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজনে অন্তর্বর্তী রিপোর্টও জমা দিতে পারবে কমিশন। 

এই কমিশনের আওতায় পশ্চিমবঙ্গ সরকারের অধীন কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন স্বশাসিত সংস্থা, বোর্ড, কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, পুরসভা, পঞ্চায়েত, সরকারি সহায়তাপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিজ্ঞপ্তির সংযোজনে উল্লেখিত একাধিক সংস্থার কর্মীরাও অন্তর্ভুক্ত থাকবেন। তবে অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় পরিষেবা এবং যাঁদের ক্ষেত্রে ইউজিসি, এআইসিটিই বা আইসিএআর-এর বেতন কাঠামো প্রযোজ্য, তাঁরা এই কমিশনের আওতার বাইরে থাকবেন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement