
মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) পরিশোধের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের অর্থ দফতর। কোন সরকারি কর্মীরা কীভাবে ডিএ বা মহার্ঘ ভাতা পাবেন, ডিয়ারনেস রিলিফ কেমনভাবে পরিশোধ করা হবে, তাও বিস্তারিত জানানো হয়েছে। অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের DA/DR বকেয়া ধাপে ধাপে পরিশোধ করা হবে।
সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে সিদ্ধান্ত
বিজ্ঞপ্তিতে উল্লেখ, ২০০৯ সালের West Bengal Services (Revision of Pay and Allowance) Rules অনুযায়ী যেসব রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নির্ধারিত হয়েছিল, তাঁদের DA সংক্রান্ত মামলায় ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রায় দেয়।
এই বিষয়ে নজরদারির জন্য আদালত একটি মনিটরিং কমিটি গঠন করেছে।
আর্থিক সীমাবদ্ধতার কথাও জানাল রাজ্য
সরকার জানিয়েছে, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া প্রাপ্য, চলমান সামাজিক কল্যাণমূলক কর্মসূচি এবং উন্নয়নমূলক দায়বদ্ধতার কারণে রাজ্যের আর্থিক পরিসর সীমিত। তবুও কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের স্বার্থ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
AICPI অনুযায়ী হবে হিসেব
বিজ্ঞপ্তিতে জানিয়েছে, AICPI অনুযায়ী বকেয়া DA হিসেব করা হবে। অর্থাৎ কর্মচারীদের যে বকেয়া DA আছে, তা পুরোনো হারে নয়, বরং AICPI সূচকের হিসাব অনুযায়ী নির্ধারিত হারে গণনা করে দেওয়া হবে।
প্রথম ধাপে কীভাবে DA বকেয়া দেওয়া হবে?
প্রথম পর্যায়ে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের DA বকেয়া প্রদান করা হবে। বকেয়া AICPI সূচক অনুযায়ী হিসাব করা হবে। মোট টাকা দুটি সমান কিস্তিতে দেওয়া হবে-
প্রথম কিস্তি: মার্চ ২০২৬
দ্বিতীয় কিস্তি: সেপ্টেম্বর ২০২৬
পেনশনভোগীদের টাকা কীভাবে দেওয়া হবে?
বর্তমান পেনশনভোগীদের ক্ষেত্রে বকেয়া সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদে জমা করা হবে। কলকাতার বাইরে ট্রেজারি থেকে পেনশন নিলে সংশ্লিষ্ট ট্রেজারি থেকেই DR বকেয়া দেওয়া হবে। কলকাতার ব্যাঙ্ক থেকে পেনশন নিলে Principal Accountant General (A&E) সংশ্লিষ্ট পাবলিক সেক্টর ব্যাংককে পেমেন্ট অথরিটি জারি করবে।
কর্মচারীদের ক্ষেত্রে কীভাবে দেওয়া হবে?
গ্রুপ A, B ও C কর্মচারীদের DA বকেয়া তাঁদের General Provident Fund (GPF) অ্যাকাউন্টে জমা হবে। গ্রুপ D কর্মচারীদের বকেয়া সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে GPF অ্যাকাউন্টে জমা হওয়া এই অর্থ ২৪ মাসের আগে অগ্রিম বা চূড়ান্ত উত্তোলনের হিসাবের ক্ষেত্রে ধরা হবে না, যদি না এর আগে অবসর, মৃত্যু বা পদত্যাগ ঘটে।
ব্যয়ের হিসাব
এই ব্যয় Major Head 2071 (Pension & Other Pension Benefits) খাতে নথিভুক্ত করা হবে। ২০০৮–২০১৫ সময়ের বকেয়া পরে ঘোষণানোটিফিকেশনে আরও বলা হয়েছে, ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত DA বকেয়া দেওয়ার পদ্ধতি পরে আলাদা করে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ, এছাড়াও সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান—যেমন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্ট্যাটুটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার কর্মী ও পেনশনভোগীদের ক্ষেত্রেও DA/DR বকেয়া প্রদানের বিষয়টি বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরগুলিকে ওই কর্মী ও পেনশনভোগীদের বেতন ও পেনশনের তথ্য দ্রুত সংগ্রহ করে জমা দিতে বলা হয়েছে। পরে অর্থ দফতরের অনুমোদন নিয়ে তাদের বকেয়া প্রদানের পদ্ধতি ঘোষণা করা হবে।
DA বকেয়া কীভাবে পাবেন কর্মী ও পেনশনভোগীরা, জানাল রাজ্য সরকার?
নির্দেশিকা অনুযায়ী, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া DA/DR নির্ধারিত নিয়মে হিসাব করে প্রদান করা হবে। এই হিসাব সংশ্লিষ্ট দফতর ও ট্রেজারি নির্দিষ্ট সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে করবে।
যেসব কর্মচারী বর্তমানে চাকরিতে রয়েছেন, তাঁদের বকেয়া HRMS-WBiFMS সিস্টেমের মাধ্যমে হিসাব করা হবে। সংশ্লিষ্ট Pension Sanctioning Authority (PSA) বকেয়ার পরিমাণ নির্ধারণ করবে এবং সেই অনুযায়ী ট্রেজারি চিহ্নিত Drawing and Disbursing Officer (DDO) অর্থ বিতরণ করবেন।
অন্যদিকে, ট্রেজারি থেকে পেনশন নেওয়া পেনশনভোগীদের ক্ষেত্রে CTS-Pension Module (WBiFMS) ব্যবহার করে বকেয়া DR-এর হিসাব করা হবে। এরপর সংশ্লিষ্ট ট্রেজারি থেকেই সেই অর্থ প্রদান করা হবে।
যেসব পেনশনভোগী কলকাতার ব্যাঙ্ক বা অন্য রাজ্যের অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের মাধ্যমে পেনশন পান, তাঁদের ক্ষেত্রে কলকাতার ব্যাংক বা সংশ্লিষ্ট অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিস নির্দেশিকা অনুযায়ী বকেয়া DR হিসাব করে বিতরণ করবে।
নোটিফিকেশন অনুযায়ী, বকেয়া অর্থ নির্ধারণ ও বিতরণের পুরো প্রক্রিয়া ডিজিটাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম (WBiFMS) এবং সংশ্লিষ্ট পেনশন মডিউলের মাধ্যমে সম্পন্ন হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং দ্রুত অর্থ পৌঁছে দেওয়া সম্ভব হয়।
এই নির্দেশিকার মাধ্যমে রাজ্য সরকার পরিষ্কার করে দিয়েছে, কর্মচারী ও পেনশনভোগীদের DA/DR বকেয়া হিসাব ও বিতরণে আলাদা আলাদা প্রশাসনিক ব্যবস্থা অনুসরণ করবে।
প্রসঙ্গত, গতকাল রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া ডিএ-র পরিশোধের ঘোষণা করেছিলেন। তারপর থেকে খুশি সরকারি কর্মীরা। তাঁরা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির অপেক্ষা করছিলেন। যা অবশেষে জারি করল রাজ্য সরকার।