
শিল্পের জন্য পর্যাপ্ত জমির অভাব দীর্ঘদিন ধরেই বিনিয়োগ টানার ক্ষেত্রে বড় বাধা। সেই সমস্যা মেটাতে একাধিক পদক্ষেপের পথে হাঁটল রাজ্যের প্রথম বিজেপি সরকার। শিল্পের জন্য সরাসরি জমি কেনা, জমি এক জায়গায় আনা এবং অব্যবহৃত শিল্পের জমি পুনরুদ্ধার করে তার যথাযথ ব্যবহারের মতো একাধিক পরিকল্পনা নতুন শিল্পনীতিতে (Investment Promotion Policy 2026)। সেই সঙ্গে গুরুত্ব পেলেন মহিলা এবং রূপান্তরকামীরাও।
গত জুলাই মাসে হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের ৬০০ কোটি টাকার উৎপাদনকেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে শুভেন্দু জানিয়েছিলেন, শিল্পের প্রয়োজনে জমি অধিগ্রহণের বদলে সরাসরি জমি কেনার পক্ষপাতী তাঁর সরকার। উল্লেখ্য, জমি অধিগ্রহণকে কেন্দ্র করেই সিঙ্গুর ও নন্দীগ্রামে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের জেরেই রাজ্যে বামফ্রন্টের তিন দশকের শাসনের অবসান ঘটে। নতুন শিল্পনীতিতে রাখা হয়েছে শিল্পের জন্য সরাসরি জমি কেনার ব্যবস্থা। পাশাপাশি ল্যান্ড পুলিংয়ের মাধ্যমে বিভিন্ন ছোট ছোট জমির মালিকানা একত্রিত করে বড় শিল্পের উপযোগী জমি তৈরির পরিকল্পনাও রয়েছে। সরকারের হাতে থাকা অব্যবহৃত শিল্পের জমিও পুনরুদ্ধার করে নতুন করে কাজে লাগানো হবে। শুধু শিল্পের জন্য জমি পাওয়া সহজ করাই নয়, বরাদ্দ জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতেও কড়া নজরদারির ব্যবস্থা থাকছে। শিল্পের জন্য জমি পাওয়ার তিন বছরের মধ্যে উৎপাদন শুরু করতে হবে।
মহিলা ও রূপান্তরকামী কর্মী নিয়োগে সুবিধা
শিল্পকে উৎসাহ দেওয়ার পাশাপাশি মহিলা ও রূপান্তরকামী কর্মীদের নিয়োগ বাড়াতেও আর্থিক সুবিধা দেবে বিজেপি সরকার। নতুন বিনিয়োগ প্রসার নীতি ২০২৬ অনুযায়ী, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলিতে পুরুষ কর্মীদের ক্ষেত্রে নিয়োগকর্তার জমা দেওয়া এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPF) ৫০ শতাংশ ফেরত পাবে। কিন্তু মহিলা ও রূপান্তরকামী কর্মীদের ক্ষেত্রে এই সুবিধার পরিমাণ হবে ১০০ শতাংশ। তবে প্রতি অর্থবর্ষে একটি শিল্প সংস্থার জন্য এই ফেরত পাওয়ার সর্বোচ্চ সীমা ৫ কোটি টাকা। তার মানে ১০০ টাকা মহিলা কর্মীর ইপিএফে নিয়োগকর্তা জমা দিলে সেটাই ফেরত পাবেন। সেটা পুরুষদের ক্ষেত্রে ৫০ টাকা। ফলে টাকা বাঁচবে নিয়োগকর্তার।
বড় শিল্প সংস্থাগুলিও একইভাবে ৫ বছর পর্যন্ত ইপিএফে নিয়োগকর্তার জমার ৫০ শতাংশ ফেরত পাবে। এই সুবিধার সর্বোচ্চ সীমা ১০ কোটি টাকা। তবে এই সুবিধা পেতে হলে সরাসরি অন্তত ২০০ জন এবং অন্যান্য ক্ষেত্রে অন্তত ৪০০ জন কর্মীকে সরাসরি নিয়োগ করতে হবে।
এছাড়া যে সমস্ত শিল্পাঞ্চল বা শিল্প পার্কে একশোর বেশি মহিলা কাজ করেন, সেখানে কর্মরত মহিলাদের জন্য হস্টেল তৈরির ক্ষেত্রেও অনুদান দেবে রাজ্য সরকার।