
ভারতে কর্পোরেট জগতে বিরাট বড় বদল। নেতৃত্ব পরিবর্তনের সাক্ষী হল Zomato ইটার্নাল গ্রুপ (Eternal Group) । সংস্থার সিইও পদ থেকে ইস্তফা দিয়েছেন দীপিন্দর গোয়েল। তিনি নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই তথ্য জানিয়েছেন। গোয়েল জানান, শেয়ারহোল্ডারদের অনুমোদন না পাওয়া পর্যন্ত তিনি বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে আলবিন্দর ধীন্দসাকে ইটার্নাল গ্রুপের নতুন গ্রুপ সিইও হিসেবে নিয়োগ করা হয়েছে। ফুড ডেলিভারি সংস্থা Zomato ইটার্নাল গ্রুপেরই অংশ। দীপিন্দর গোয়েল জোমাটোর প্রতিষ্ঠাতা ও মালিক হিসেবেই বেশি পরিচিত।
কর্পোরেট দুনিয়ায় খবর, ইটার্নাল গ্রুপ সম্প্রসারণ ও কৌশলগত পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক সেই সময়েই দীপিন্দরের পদত্যাগ বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর নেতৃত্বেই ইটার্নাল নতুন ব্যবসায়িক কৌশল বাস্তবায়ন, প্রতিযোগিতামূলক বাজারে অবস্থান মজবুত করা এবং দীর্ঘমেয়াদি বৃদ্ধির পথে এগিয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে তিনি সংস্থাকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছেন। সেই দীপিন্দরের হঠাত্ ইস্তফা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
কেন হঠাত্ ইস্তফা দিলেন দীপিন্দর?
তাঁর বক্তব্য, তিনি এখন এমন কিছু নতুন উদ্যোগের দিকে মন দিতে চান, যেখানে ঝুঁকি নেওয়া, পরীক্ষা-নিরীক্ষা ও উদ্ভাবনের সুযোগ রয়েছে। তবে এই ধরনের কাজ কোনও পাবলিক কোম্পানির কাঠামোর মধ্যে সব সময় সম্ভব নয়। তাঁর কথায়, 'এই ভাবনাগুলি যদি ইটার্নালের কৌশলগত পরিধির মধ্যে থাকত, তবে আমি কোম্পানির মধ্যেই তা বাস্তবায়ন করতাম।' কিন্তু বিষয়টি সে রকম নয় বলেই তিনি সিইও পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে তিনি স্বীকার করেছেন, ভারতে একটি পাবলিক কোম্পানির সিইও হিসেবে আইনি ও প্রশাসনিক দায়িত্বের চাপ অত্যন্ত বেশি, যার জন্য সম্পূর্ণ মনোযোগ প্রয়োজন। এই কারণেই নেতৃত্বে পরিবর্তন করা হল।
তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই সিদ্ধান্ত কোম্পানি থেকে দূরে সরে যাওয়ার জন্য নয়। দীপিন্দর লিখছেন, 'গত ১৮ বছর ধরে নিজের জীবনের প্রায় অর্ধেক সময় এই সংস্থা গড়ে তুলতে ব্যয় করেছি। এবং ভবিষ্যতেও যুক্ত থাকব। কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল, সংস্কৃতি, নেতৃত্ব বিকাশ ও কর্পোরেট গভর্ন্যান্স সংক্রান্ত বিষয়ে আমি সক্রিয় ভূমিকা পালন করব।' আলবিন্দর ধীন্দসা, অক্ষান্ত এবং তিনি আগের মতোই একসঙ্গে কাজ করবেন।
কেন আলবিন্দর ধীন্দসাকে CEO করা হল?
নতুন সিইও আলবিন্দর ধীন্দসার ভূয়সী প্রশংসা করেছেন দীপিন্দর। তিনি বলেন, 'Blinkit অধিগ্রহণের পর সংস্থাটিকে ব্রেকইভেন পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ধীন্দসার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দল গঠন, সরবরাহ ব্যবস্থা, কর্পোরেট সংস্কৃতি ও অপারেশনাল স্ট্রাকচার শক্তিশালী করতেও তিনি বড় অবদান রেখেছেন। গোয়েলের কথায়, 'ধীন্দসার বাস্তবায়ন ক্ষমতা অত্যন্ত শক্তিশালী।'
ESOP ও শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা
তাঁর আর্থিক ভবিষ্যৎ ইটার্নালের সঙ্গেই যুক্ত এবং তাঁর স্বার্থ দীর্ঘমেয়াদি শেয়ারহোল্ডার মূল্যের সঙ্গে সংযুক্ত বলে জানাচ্ছে দীপিন্দর। তবে এই পরিবর্তনের অংশ হিসেবে তাঁর সমস্ত অ-বিনিয়োগকৃত ESOP পুনরায় ESOP পুলে ফেরত দেওয়া হবে। এর লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের নেতাদের জন্য সম্পদ সৃষ্টির সুযোগ তৈরি করা এবং অতিরিক্ত শেয়ার ইস্যু না করেই প্রতিভা ধরে রাখা। সোশ্যাল মিডিয়া পোস্টে লিখছেন, '১৮ বছর আগে কেউ কল্পনাও করেনি, একটি মেনু স্ক্যানিং স্টার্টআপ এত বড় সংস্থায় পরিণত হবে। কিন্তু ইটার্নাল তা সম্ভব করেছে। আমার স্বপ্ন এখনও একই, ইটার্নালকে ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত করা, এক বিলিয়ন গ্রাহকের কাছে পৌঁছনো এবং লক্ষ লক্ষ ভারতীয়ের জীবিকার উৎস হয়ে ওঠা।'