
জীবনে সাফল্য পেতে ঠিক কী দরকার? শুধুমাত্র প্রথাগত শিক্ষাগত ডিগ্রি থাকলেই কি সাফল্য আসে? নাকি বর্তমান পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে তরুণ প্রজন্মকে স্কিল বাড়ানো এবং নিজেকে বদলের প্রয়োজন? আজতক মাস্টারক্লাস ২০২৬-এ TVTN-এর ম্যানেজিং এডিটর পাণিনি আনন্দের সঙ্গে আলোচনায় এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন UPSC শিক্ষক অওধ ওঝা। শিক্ষক এবং UPSC-র প্রাক্তন পরীক্ষার্থী হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে গতানুগতিক চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসা, বিষয়গুলি মুখস্থ না করে বুঝে শেখা এবং জীবনের প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার দক্ষতা গড়ে তোলার উপর জোর দেন তিনি। পাশাপাশি তরুণ প্রজন্মকে সরকারি চাকরির প্রতি চিরাচরিত মোহ কাটিয়ে দক্ষতা বাড়িয়েনতুন কর্মসংস্থানের সুযোগ খুঁজে নেওয়ার পরামর্শও দিয়েছেন।
চাকরির অভাব, না কি দক্ষ কর্মীর?
দেশে কর্মসংস্থান এবং ক্রমবর্ধমান প্রতিযোগিতা নিয়ে উদ্বেগের প্রসঙ্গে অওধ ওঝা বলেন,'ভারতে চাকরির যতটা অভাব রয়েছে বলে মনে করা হয়, আসলে ততটা নেই। বরং সঠিক দক্ষতাসম্পন্ন মানুষের অভাব অনেক বেশি। বর্তমানে তরুণ প্রজন্মের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হল দক্ষতার অভাব। এমন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, যা পড়ুয়াদের সমস্যায় ফেলার বদলে সমস্যা সমাধানে সক্ষম করে তুলবে'।
নিজের বক্তব্য বোঝাতে এক যুবকের উদাহরণ দেন তিনি। ওই যুবক এমএসসি ডিগ্রি অর্জনের পর পেশাগত প্রশিক্ষণ নিয়ে হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ শুরু করেছিলেন। অওধ ওঝার দাবি, ওই যুবক প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় করছিলেন। এই উদাহরণ প্রমাণ করে যে পেশার সামাজিক মর্যাদা নিয়ে মাথা না ঘামিয়ে ব্যবহারিক দক্ষতা অর্জন করলে কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি মনে করিয়ে দেন, 'সবাই আইএএস অফিসার হতে পারেন না। কাউকে শিল্পপতি হতে হবে, কাউকে ব্যবসায়ী হতে হবে, আবার কাউকে নতুন পথে হাঁটতে হবে'।
এর পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি পেশাকে ছোট করে দেখার যে সামন্ততান্ত্রিক মানসিকতা সমাজে রয়েছে, তা থেকেও বেরিয়ে আসার কথা জানান তিনি। নিজের উদাহরণ দিয়ে অওধ ওঝার মন্তব্য, তিনি নিজেও ৭ মাস একটি রেস্তরাঁ ও বারে কাজ করেছিলেন। তাঁর পরামর্শ,'কোনও কাজেই লজ্জা পাওয়া উচিত নয়'।
UPSC-র প্রস্তুতি: মুখস্থ না বোঝার খেলা?
UPSC পরীক্ষার প্রস্তুতি কি শুধুই জ্ঞান অর্জনের বিষয়, নাকি সঠিক মানসিকতা তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তরে বিভিন্ন বিষয়ের মূল ধারণা বোঝা এবং বিষয়গুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করার উপর জোর দেন অওধ ওঝা। তিনি বলেন,'UPSC-র প্রস্তুতি মূলত বোঝার খেলা। কোনও বিষয় শুধু পড়লেই হবে না, সেটি বুঝতে হবে'।
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে পারস্পরিক সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। তাঁর মতে, এই বিষয়গুলির মধ্যে যোগসূত্র বুঝতে পারলে পরীক্ষার্থীদের মধ্যে বৃহত্তর দৃষ্টিভঙ্গি তৈরি হয়। ভবিষ্যতে যাঁরা নীতিনির্ধারক হতে চান, তাঁদের জন্য এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অওধ ওঝা ব্যাখ্যা করেন, ভৌগোলিক পরিস্থিতি অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিত করে। আবার সেই অর্থনৈতিক পরিস্থিতিই রাজনৈতিক কাঠামো এবং ঐতিহাসিক ঘটনাপ্রবাহকে প্রভাবিত করে। পাশাপাশি পড়াশোনার প্রাথমিক বিষয়গুলি মজবুত করার উপরেও গুরুত্ব দেন ওঝা। ২৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, 'যে সব পড়ুয়াদের মৌলিক ধারণা স্পষ্ট, তাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মোকাবিলা অনেক ভাল করতে পারেন'। পরীক্ষার্থীদের বিগত বছরের প্রশ্নপত্র সমাধান এবং বিষয়ভিত্তিক ধারণা আরও মজবুত করার পরামর্শ দিয়ে তিনি বলেন,'প্রতিযোগিতায় সাফল্য শুধু পরিশ্রমের ফল নয়, নিয়মিত অনুশীলনও দরকার'।
প্রেম ও উচ্চাকাঙ্ক্ষা একসঙ্গে?
আলোচনায় তরুণ প্রজন্মের সম্পর্ক, প্রেম এবং কেরিয়ারের উচ্চাকাঙ্ক্ষা নিয়েও কথা হয়। প্রেম, উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জগুলির মধ্যে ভারসাম্য রাখা কতটা সম্ভব? এই প্রশ্নের উত্তরে অওধ ওঝা বলেন,'সম্পর্কের প্রভাব ব্যক্তির উন্নতির ক্ষেত্রে ইতিবাচক হওয়া উচিত'। তাঁর কথায়,'আপনাদের বন্ধুত্ব যদি দু'জনকেই এগিয়ে যেতে সাহায্য করে, তা হলে সেটাই ভাল বন্ধুত্ব'। তিনি আরও বলেন,'উচ্চাকাঙ্ক্ষার জন্য তরুণ প্রজন্মকে সম্পর্ক থেকে দূরে থাকার প্রয়োজন নেই। বরং তাঁদের বুঝতে হবে যে সম্পর্ক তাঁদের উন্নতির পথে সাহায্য করছে, নাকি পিছিয়ে দিচ্ছে'।
ইতিহাসের বিভিন্ন ঘটনা এবং উদাহরণের মাধ্যমে ওঝা বোঝান, কিছু সম্পর্ক মানুষকে জীবনে বড় কিছু করার অনুপ্রেরণা দেয়। আবার কিছু সম্পর্ক লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে। তাই পেশাগত উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত সম্পর্ককে পরস্পরের বিরোধী হিসেবে দেখা উচিত নয়। লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে দুটোই পাশাপাশি এগিয়ে যেতে পারে।
স্বাধীনতার জন্য আর্থিক স্বনির্ভরতা কেন জরুরি?
আর্থিক স্বনির্ভরতা এবং ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে বলে মনে করেন অওধ ওঝা। তাঁর মতে, জীবনে কোনও ব্যক্তি কী ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন, তা অনেকটাই নির্ভর করে তাঁর আর্থিক সক্ষমতার উপর। তিনি বলেন,'আর্থিক স্বাধীনতাই সামাজিক স্বাধীনতার পথ খুলে দেয়। আর্থিক ভাবে স্বাধীন হলে ব্যক্তি নিজের ব্যক্তিগত এবং পেশাগত জীবন সম্পর্কে আরও ভাল সিদ্ধান্ত নিতে পারেন'। এই প্রসঙ্গে অভিনেত্রী নীনা গুপ্তার উদাহরণও তুলে ধরেন তিনি। তাঁর মতে, আর্থিক স্বনির্ভরতা থাকলে সামাজিক চাপ উপেক্ষা করেও নিজের শর্তে জীবনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তাই সামাজিক চাপের কাছে নতি স্বীকার না করে নিজেদের দক্ষতা বাড়ানো এবং আর্থিক ভাবে স্বাধীন হওয়ার উপর তরুণ প্রজন্মের জোর দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
বার বার ব্যর্থ হলে কী করবেন?
কঠোর পরিশ্রম করেও বার বার লক্ষ্যে পৌঁছতে না পারলে পড়ুয়াদের কী করা উচিত? এই প্রশ্নের উত্তরে ব্যর্থতার প্রচলিত সংজ্ঞাকেই চ্যালেঞ্জ করেন অওধ ওঝা। তিনি বলেন,'মানুষ যেভাবে ব্যর্থতাকে দেখে, আসলে ব্যর্থতা বলে কিছুই নেই। মধ্যবিত্তরা হয় জেতে, নয়তো শেখে'। তাঁর মতে, শুধু অন্ধের মতো পরিশ্রম করে গেলেই হবে না। প্রস্তুতির কৌশল, বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা এবং নিয়মিত অনুশীলনের উপরেও গুরুত্ব দিতে হবে। একই ভুল বার বার না করে কোথায় পদ্ধতি বদলানো প্রয়োজন, তা বুঝতে হবে তরুণ প্রজন্মকে।
AI কি শিক্ষকের জায়গা নিতে পারবে?
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এখন মুহূর্তের মধ্যে প্রচুর তথ্য পাওয়া সম্ভব। এই পরিস্থিতিতে কোন তথ্যের উপর ভরসা করা উচিত, তা কীভাবে বুঝবে তরুণ প্রজন্ম? এক পড়ুয়ার এই প্রশ্নের উত্তরে শেখার প্রক্রিয়ায় শিক্ষক এবং পথপ্রদর্শকদের গুরুত্ব তুলে ধরেন অওধ ওঝা। তিনি বলেন,'AI যতই উন্নত হোক না কেন, কখনওই গুরুর গুরুত্ব শেষ করতে পারবে না'।
তাঁর মতে, শুধুমাত্র তথ্যের নাগাল পেলেই প্রকৃত জ্ঞান অর্জন হয় না। সেই তথ্যের সঠিক ব্যাখ্যা, নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি এবং বাস্তব জীবনে জ্ঞান প্রয়োগের জন্য পড়ুয়াদের উপযুক্ত দিশা দেখানোর প্রয়োজন রয়েছে। পাশাপাশি প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং বিশেষ করে AI-এর ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি। তাঁর মতে, দক্ষতা বাড়ানো শিক্ষার অবিচ্ছেদ্য অংশ।
আলোচনার শেষে তরুণ প্রজন্মকে গতানুগতিক কেরিয়ারের ধারণা থেকে বেরিয়ে এসে ব্যবহারিক দক্ষতা অর্জন এবং আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার আহ্বান জানান অওধ ওঝা। তাঁর বক্তব্যের মূল নির্যাস, শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র পরীক্ষায় পাশ করা না। বরং শিক্ষা এমন হওয়া প্রয়োজন, যা তরুণ প্রজন্মকে পৃথিবীকে বুঝতে, সমস্যার সমাধান করতে এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম করে তুলবে।