
West Bengal bank jobs: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক Bank of Baroda-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান; এই দুই জেলায় শূন্যপদ পূরণ করা হবে বলে জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে। ইতিমধ্যেই অফলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ব্যাঙ্ক সূত্রে খবর, বিজ়নেস করেসপন্ডেন্ট কোঅর্ডিনেটার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ দু’টি। সিলেকশন হলে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় পোস্টিং দেওয়া হবে। গ্রামীণ ও আধা-শহুরে অঞ্চলে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিজ়নেস করেসপন্ডেন্টদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কাজের তদারকি ও কোঅর্ডিনেশনের দায়িত্ব থাকবে কোঅর্ডিনেটরদের উপর। চুক্তিভিত্তিক পদ। কাজের মেয়াদ এক বছর থেকে তিন বছর পর্যন্ত হতে পারে, পারফরম্যান্সের ভিত্তিতে চুক্তি নবীকরণের সুযোগও থাকতে পারে। মাসিক ১৫,০০০ টাকা Salary পাবেন। পাশাপাশি ব্যাঙ্কের নীতিমাফিক অন্যান্য সুযোগসুবিধাও প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বয়সসীমা ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। রিজার্ভেশন থাকলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে তা অগ্রাধিকার পাবে। পূর্ণাঙ্গ যোগ্যতার বিবরণ মূল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে বলে জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র, জীবনপঞ্জি, শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার প্রমাণপত্র-সহ প্রয়োজনীয় নথি পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২২ মার্চ। নির্ধারিত সময়ের পর পাঠানো আবেদন গ্রহণ করা হবে না বলেই স্পষ্ট করা হয়েছে।
প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমেই চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে কি না, তা নিয়ে বিজ্ঞপ্তিতে আলাদা করে কিছু উল্লেখ না থাকলেও, ব্যাঙ্কের প্রয়োজন অনুযায়ী নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন হতে পারে।
বর্তমান সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির সুযোগ মানেই প্রতিযোগিতা তীব্র। তাই যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দাদের জন্য এই নিয়োগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।