
Bank of Baroda recruitment 2026: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক Bank of Baroda-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান; এই দুই জেলায় শূন্যপদ পূরণ করা হবে বলে জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে। ইতিমধ্যেই অফলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ব্যাঙ্ক সূত্রে খবর, বিজ়নেস করেসপন্ডেন্ট কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে দু’টি। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় পোস্টিং দেওয়া হবে বলে জানানো হয়েছে। গ্রামীণ ও আধা-শহুরে অঞ্চলে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিজ়নেস করেসপন্ডেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কাজের তদারকি এবং কোঅর্ডিনেশনের দায়িত্বই থাকবে কোঅর্ডিনেটরদের উপর। ফলে সংশ্লিষ্ট অঞ্চলে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই পদকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিয়োগ হবে চুক্তিভিত্তিক। কাজের মেয়াদ এক বছর থেকে তিন বছর পর্যন্ত হতে পারে। প্রার্থীর পারফরম্যান্সের ভিত্তিতে চুক্তি নবীকরণের সুযোগও থাকতে পারে বলে উল্লেখ রয়েছে। মাসিক ১৫,০০০ টাকা Salary দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের। পাশাপাশি ব্যাঙ্কের নীতিমাফিক অন্যান্য বেনেফিটও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু মানদণ্ড রাখা হয়েছে বলে ব্যাঙ্ক সূত্রে খবর। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে সেই প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন। অর্থাৎ আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, পেশাগত অভিজ্ঞতার প্রমাণপত্র-সহ প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিতে হবে। নির্ধারিত ঠিকানায় এই নথি পাঠাতে হবে বলে জানানো হয়েছে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ মার্চ। নির্দিষ্ট সময়ের পরে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না বলেই স্পষ্ট করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। তাই আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমে প্রার্থীদের প্রাথমিক বাছাই করা হবে। তার পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। মূলত ইন্টারভিউয়ের মাধ্যমেই চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। যদিও লিখিত পরীক্ষা নেওয়া হবে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে আলাদা করে কিছু উল্লেখ করা হয়নি।