
Bank Of India Recruitment: ব্যাংকিং ক্ষেত্রে নিজের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন এমন চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ ব্যাংক অফ ইন্ডিয়া বা বিওআই এর পক্ষ থেকে এক বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেনারেল ব্যাংকিং অফিসার বা জিবিও স্ট্রিমের অধীনে মোট ৭৭৯টি শূন্যপদে ক্রেডিট অফিসার নিয়োগ করা হবে। সারা ভারতের যে কোনও প্রান্ত থেকে যোগ্য ও আগ্রহী নারী পুরুষ নির্বিশেষে সকল প্রার্থীরাই এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে মোটা অঙ্কের বেতন ও অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে। ইতিমধ্যেই এই নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
শূন্যপদের বিবরণ
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন স্কেলের অধীনে শূন্যপদগুলি পূরণ করা হবে। মোট ৭৭৯টি শূন্যপদের মধ্যে মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল বা এমএমজিএস-২ পদে ৬৭৭ জন ও মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল বা এমএমজিএস-৩ পদে ৬১ জন এবং সিনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল বা এসএমজিএস-৪ পদে ৪১ জনকে নিয়োগ করা হবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক বা গ্র্যাজুয়েট পাস হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থী অর্থাৎ এসসি ও এসটি এবং ওবিসি ও পিডব্লিউডি প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন। বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বয়সসীমা
১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী এই পদের জন্য আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। এখানে বিভিন্ন স্কেল অনুযায়ী বয়সসীমা আলাদা রাখা হয়েছে। এমএমজিএস-২ পদের জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স ২৫ বছর থেকে সর্বোচ্চ৩২ বছর হতে হবে। এমএমজিএস-৩ পদের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বনিম্ন ২৮ বছর থেকে সর্বোচ্চ ৩৮ বছরের মধ্যে। অন্য দিকে এসএমজিএস-৪ পদের জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স ৩২ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর হওয়া প্রয়োজন। তবে সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন। যেমন এসসি ও এসটি প্রার্থীরা ৫ বছর ও ওবিসি নন ক্রিমিলিয়ার প্রার্থীরা ৩ বছর এবং প্রতিবন্ধী বা পিডব্লিউবিডি প্রার্থীরা ১০ বছরের ছাড় পাবেন।
আকর্ষণীয় বেতন কাঠামো
এই পদের জন্য নির্বাচিত প্রার্থীরা স্কেল অনুযায়ী অত্যন্ত আকর্ষণীয় বেতন কাঠামো পাবেন। এমএমজিএস-২ স্কেলের পদের জন্য মাসিক বেতন হবে ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯কো টাকা। এমএমজিএস-৩ স্কেলের পদের জন্য বেতন কাঠামো রাখা হয়েছে ৮৫,৯২০ টাকা থেকে ১,০৫,২৮০ টাকা। এ ছাড়া এসএমজিএস-৪ স্কেলের উচ্চ পদের জন্য প্রার্থীরা প্রতি মাসে ১,০২,৩০০ টাকা থেকে ১,২০,৯৪০ টাকা পর্যন্ত মোটা বেতন পাবেন। এই পদের জন্য আবেদনকারীদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ। যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা নেওয়া হবে এবং তাতে উত্তীর্ণদের পরবর্তী ধাপে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট www.bankofindia.bank.in এর মাধ্যমে সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের জন্য প্রথমে অফিশিয়াল পোর্টালে গিয়ে হোমপেজে থাকা ক্যারিয়ার অপশনে ক্লিক করতে হবে। এরপর রিক্রুটমেন্ট অফ ক্রেডিট অফিসারস ইন জিবিও স্ট্রিম প্রজেক্ট নম্বর ২০২৬-২৭/০১ লিঙ্কে ক্লিক করতে হবে। তখন একটি নতুন উইন্ডো খুলবে যেখানে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। নতুন রেজিস্ট্রেশনের জন্য ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন ট্যাবে গিয়ে নিজের নাম ও মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর সিস্টেমে জেনারেট হওয়া রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। সব শেষে স্ক্যান করা পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর এবং বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ ও হাতে লেখা ডিক্লেয়ারেশন নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করতে হবে। সব তথ্য ভালোভাবে যাচাই করে কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে অনলাইনে নির্দিষ্ট আবেদন ফি জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।