
CBSE Class 12 Term 1 Result 2022: দ্বাদশের প্রথম টার্মের ফলপ্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা বোর্ড সিবিএসই। চলতি সপ্তাহেই দ্বাদশের টার্ম ১-র রেজাল্ট ঘোষণা করা হতে পারে। এবছর রেজাল্ট প্রকাশের পদ্ধতি বদল করেছে সিবিএসই। cbse.gov.in ওয়েবসাইটে ফল প্রকাশ করা হচ্ছে না। অফলাইনে রেজাল্ট দেওয়ার কথা জানিয়েছে বোর্ড। দশম শ্রেণির টার্ম ১-র রেজাল্ট অফলাইনেই জানতে পেরেছিলেন ছাত্রছাত্রীরা।
সিবিএসই দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশে দেরী করার জন্য ক্ষুব্ধ পড়ুয়াদের একাংশ। নেট মাধ্যমে তাঁরা বলেছেন, দ্বাদশের দ্বিতীয় টার্মের প্র্যাকটিকাল পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। অথচ এখনও প্রথম টার্মের রেজাল্ট বেরোল না। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদাসীন বোর্ড। ফলপ্রকাশ নিয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বলে রাখি, ICSE, ISC বোর্ডের প্রথম টার্মের রেজাল্ট পরীক্ষার এক মাস পরেই প্রকাশিত হয়েছে।
দ্বাদশের রেজাল্ট ঠিক কবে প্রকাশিত হবে তা এখনও স্পষ্ট করেনি সিবিএসই। দশম শ্রেণির রেজাল্ট গত সপ্তাহেই বেরিয়ে গিয়েছে। তাই দ্বাদশের ফল চলতি সপ্তাহে প্রকাশ করতে পারে সিবিএসই। স্কুল থেকে রেজাল্ট নিতে হবে পড়ুয়াদের। আরও আপডেটের জন্য আজতক বাংলার ওয়েবসাইটে চোখ রাখুন।