
DoT recruitment 2026: ঘরে বসে না থেকে ফের কর্মজীবনে ফেরার দারুণ সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ (DoT)-এর অধীনে 'গ্রুপ বি' পর্যায়ের পরামর্শদাতা (Consultant) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অসম লাইসেন্সড সার্ভিস এরিয়া দফতরে এই কাজের সুযোগ পাবেন যোগ্য প্রার্থীরা।
কারা আবেদন করতে পারবেন?
কেন্দ্রীয় সরকারি সংস্থা কিংবা পাবলিক সেক্টর আন্ডারটেকিং (পিএসইউ) থেকে সদ্য অবসর নেওয়া আধিকারিকরা এই পদের জন্য যোগ্য। তবে এক্ষেত্রে একটি বিশেষ সুবিধা রয়েছে। যাঁরা আগে টেলিকমিউনিকেশন বা এই ধরনের বিভাগে কাজ করেছেন, নিয়োগের সময় তাঁদেরই প্রথম অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স ও বেতন:
চাকরির মেয়াদ শেষেও যাঁদের কাজের উদ্যম রয়েছে, তাঁদের কথা ভেবেই বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৬৫ বছর। প্রাথমিকভাবে ছ’মাসের চুক্তিতে নিয়োগ করা হলেও, কাজের ভিত্তিতে সেই মেয়াদ আরও ছ’মাস বাড়ানো হতে পারে। আর সাম্মানিক? সপ্তম পে কমিশনের লেভেল ৭ অনুযায়ী আকর্ষণীয় মাসিক পারিশ্রমিক পাবেন নিযুক্তরা।
আবেদন পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীদের ইন্টারনেটের মাধ্যমেই আবেদন সারতে হবে। হাতে সময় খুবই কম। আগামী ১১ মে পর্যন্ত ই-মেলের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনের পর স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের দিনক্ষণ জানতে টেলিকমিউনিকেশন বিভাগের নিজস্ব ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।