
সোমবার ক্যাবিনেট বৈঠকের পরেই ধর্মের ভিত্তিতে সমস্ত ভাতা বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ সেইসঙ্গে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করা হয়েছে৷ সোমবার থেকেই চালু হয়েছে কৃতি ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সেকথা জানিয়েছেন৷ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনা সহায়তা করার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে শুধুমাত্র মেধার ভিত্তিতে 'বিবেকানন্দ মেরিট স্কলারশিপ প্রকল্প' তথা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship) পুনরায় চালু করা হয়েছে। কীভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন? কারা এর সুবিধা নিতে পারবেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন কবে থেকে?
রাজ্যের স্কুলগুলিতে একাদশ শ্রেণিতে ভর্তি ও কলেজে প্রথম বর্ষে ভর্তির পরেই এই শিক্ষা বর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হবে। এটি একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের একটি উদ্যোগ।
সুবিধা কারা পাবে?
শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০ টাকার বেশি হওয়া উচিত নয়।
আবেদনের যোগ্যতা
এই স্কলারশিপের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে শেষ পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিক, কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের স্নাতক স্তরের পাশাপাশি ইউজিসি (UGC) অনুমোদিত বিভিন্ন পেশাদারি কোর্সের ছাত্র-ছাত্রীরাও এই আবেদন করতে পারবেন। প্রকল্পের নিয়ম অনুযায়ী, পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হওয়া বাধ্যতামূলক।
কী পরিমাণ বৃত্তি পাওয়া যাবে?
স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ কোর্সের উপর নির্ভর করে প্রতি মাসে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে। এর জন্য যোগ্যতার বিভিন্ন বিভাগও রয়েছে, যার মধ্যে চূড়ান্ত পরীক্ষায় ন্যূনতম ৫৩ থেকে ৬০ শতাংশ নম্বর থাকা অন্যতম। বৃত্তির পরিমাণ কোর্সের ধরন অনুযায়ী নির্ধারিত করা হয়েছে। বিজ্ঞান বিভাগের স্নাতক ও পেশাদারি কোর্সের ছাত্র-ছাত্রীরা মাসে ১৫০০ টাকা করে অর্থাৎ বছরে মোট ১৮ হাজার টাকা পাবেন। অন্যদিকে, কলা ও বাণিজ্য বিভাগের ছাত্র-ছাত্রীরা মাসে ১০০০ টাকা হিসেবে বছরে মোট ১২ হাজার টাকা সহায়তা পাবেন। এছাড়াও আইআইটি-র ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, নার্সিং, ফার্মেসি, বিএড এবং পিএইচডি পড়ুয়ারাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন।
কীভাবে আবেদন করবেন?
১. এই বৃত্তির অনলাইন ফর্ম পূরণ করার জন্য, প্রথমে svmcm.wbhed.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২. এরপর সমস্ত নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ুন।
৩. ঘোষণাপত্রটি 'চেক/সিলেক্ট' করুন এবং 'প্রসিড'-এ ক্লিক করুন।
৪. এখন উপযুক্ত শ্রেণী নির্বাচন করুন এবং 'নতুন আবেদনের জন্য আবেদন করুন'-এ ক্লিক করুন।
৫. ফর্মে প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন।
৬. এরপর রেজিস্টার-এ ক্লিক করুন।
৭. মোবাইল ওটিপি-র মাধ্যমে প্রমাণীকরণ সম্পন্ন করুন।
৮. এরপর আপনি চাইলে আপনার ফর্মটি নিজের কাছে নিরাপদে রাখতে পারেন।
প্রয়োজনীয় কাগজপত্র
১. মাধ্যমিক পরীক্ষা বা সমমানের পরীক্ষার মার্কশিট।
২. পূর্ববর্তী বোর্ড/বিশ্ববিদ্যালয়/কলেজ পরীক্ষার মার্কশিট।
৩. ভর্তির রসিদ।
৪. পারিবারিক আয়ের প্রমাণপত্র।
৫. বসবাসের প্রমাণপত্র হিসেবে আধার আইডি/ভোটার আইডি/রেশন কার্ড।
৬. ব্যাঙ্ক পাসবুকের স্ক্যান করা কপি।
এর সঙ্গে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, নিজস্ব সই, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য, সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল আইডিও জমা দিতে হবে। সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে এই টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।