
অক্টোবর মাসে পড়ে গিয়েছে মানেই উৎসবের মরশুম শুরু। এবার দেদার পার্টি, জমিয়ে খানাপিনা করার সময়। কিন্তু পার্টি করেই যদি রোজগারের সুযোগ মেলে, তাহলে কেমন হয়? শুনে অবাক হচ্ছেন?
বাড়ি হোক বা অফিস, পার্টির আয়োজন করা মোটেও সহজ কাজ নয়। সাজসজ্জা, খাবার এবং উপহারের ব্যবস্থা করার ঝক্কি থাকে আয়োজকের। আর তাই ঝঞ্ঝাট এড়াতে মানুষ মূলত ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে সমস্ত দায়িত্ব দিয়ে থাকে। আজকাল এই পেশা জনপ্রিয় হয়ে উঠেছে। যেখানে সৃজনশীলতা এবং দক্ষতা উভয়েরই প্রয়োজন পড়ে।
বিয়ে, কর্পোরেট অনুষ্ঠান, বড় মাপের শো, সঙ্গীতানুষ্ঠান এবং পার্টির সংখ্যা বাড়ছে। এগুলি পেশাগত ভাবে পরিচালনা করার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজারদের চাহিদাও এখন আকাশচুম্বী। এই কারণেই এই ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা এখন খুবই সহদ হয়ে গিয়েছে। এটাও বলা ভুল হবে না, ইভেন্ট ম্যানেজমেন্ট শুধু একটি নির্দিষ্ট ধরনের কাজ নয়। একটি কমপ্লিট ভাবে দক্ষতা দেখানোর প্ল্যাটফর্ম।
দ্বাদশ শ্রেণি পাশ করার পর ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্স করার জন্য সুযোগ রয়েছে। উদাহরণস্বরূপ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির (IGNOU) ডিপ্লোমা ইন ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্সটি দ্বাদশ শ্রেণি উত্তীর্ণদের জন্যই। এই ডিপ্লোমার সর্বনিম্ন সময়কাল এক বছর এবং সর্বোচ্চ সময়কাল ৩ বছর। IGNOU-এর ওয়েবসাইটে এই প্রোগ্রামের ফি প্রায় ৮ হাজার ২০০ টাকা হিসেবে উল্লেখ করা হয়। এছাড়াও ইভেন্ট ম্যানেজমেন্ট, হসপিটালিটি, মার্কেটিং, কমিউনিকেশন বা পাবলিক রিলেশন সম্পর্কিত কোর্সগুলিও এই ক্ষেত্রে কেরিয়ার গড়তে সাহায্য করতে পারে।
পেশাগত সুযোগগুলি কী কী?
ইভেন্ট প্ল্যানার: একজন ইভেন্ট প্ল্যানারের কাজ হল পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা করা। ক্লায়েন্টের প্রয়োজন বুঝে তারা সাজসজ্জা, খাবার, থিম, বাজেট, সময়সূচি এবং অন্যান্য প্রস্তুতির উপর মনোযোগ দেন।
ইভেন্ট কো-অর্ডিনেটর: একজন ইভেন্ট কো-অর্ডিনেটর একটি ইভেন্টের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কাজ সমন্বয় করেন। এছাড়াও কে কোন কাজ কখন করবে এবং প্রতিটি কাজ কে দেখভাল করবে তা-ও তারাই নির্ধারণ করেন।
ওয়েডিং প্ল্যানার: ইভেন্ট ম্যানেজমেন্টের মধ্যে বিবাহ অনুষ্ঠান এবং ডেস্টেনেশন ওয়েডিংয়ের পরিকল্পনাও অন্তর্ভূক্ত। ওয়েডিং প্ল্যানাররা অনুষ্ঠানের জন্য সাজসজ্জা, অতিথি এবং অন্যান্য আয়োজনের দায়িত্বে থারেন।
কর্পোরেট ইভেন্ট ম্যানেজার: কোম্পানির মিটিং, কনফারেন্স, প্রোডাক্ট লঞ্চ এবং অন্যান্য ইভেন্ট পরিচালনা করার জন্য কর্পোরেট ইভেন্ট ম্যানেজারদের প্রয়োজন হয়। এই কাজের মধ্যে পরিকল্পনা, বাজেট তৈরি এবং টিম ম্যানেজমেন্ট অন্তর্ভূক্ত থাকতে পারে। অফিসে কোন থিম এবং ইভেন্টগুলি অন্তর্ভূক্ত করা উচিত, তা নির্ধারণ করাও তাদের দায়িত্ব।
ভেন্যু ম্যানেজার: ভেন্যু ম্যানেজমেন্টও একটি অনন্য পেশা। একজন ভেন্যু ম্যানেজার কোনও অনুষ্ঠানের জন্য ভেন্যু, সুযোগ-সুবিধা এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।
উপার্জন কত হতে পারে?
সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নটি হল, ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরিতে কত আয় করা যায়? এর কোনও নির্দিষ্ট নিয়ম নেই। পদ, অভিজ্ঞতা, কোম্পানি, শহর এবং কাজের ধরনের উপর নির্ভর করে আয় ভিন্ন হতে পারে। শুরুতে প্রতি মাসে ২০ হাজার থেকে ৩০ হাদার টাকা আয় করতে পারেন। কিন্তু অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে এবং বড় প্রকল্প পেতে শুরু করলে উপার্জন ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছতে পারে।