
IDBI Bank Recruitment 2026: সরকারি ব্যাঙ্কে চাকরির খোঁজে থাকা তরুণ-তরুণীদের জন্য বড় সুযোগ। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (IDBI)-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি এই সংক্রান্ত নোটিস প্রকাশিত হয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে মোট ১,১০০ জন কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও চাকরিপ্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে কর্মী নেওয়া হবে। নিয়োগের তালিকায় রয়েছে হায়দরাবাদ, মুম্বই, নাগপুর, পটনা, ভোপাল, চণ্ডীগড়, বেঙ্গালুরু, দিল্লি এবং কোচির মতো শহরও। এর মধ্যে পশ্চিমবঙ্গে মোট ৬০টি শূন্যপদ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফলে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করছেন অনেকেই।
অফিসিয়াল নোটিফিকেশনের PDF: View PDF
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (JAM) গ্রেড ‘O’ পদে নিয়োগ করা হবে। আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সাধারণ, ইডব্লিউএস এবং ওবিসি শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যিক। অন্য দিকে এসসি, এসটি এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ন্যূনতম ৫৫ শতাংশ নম্বরের শর্ত রাখা হয়েছে। তবে শুধু ডিপ্লোমা কোর্স করলে এই পদে আবেদন করা যাবে না বলে স্পষ্ট ভাবে জানানো হয়েছে।
বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১ মার্চ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স কমপক্ষে ২০ বছর এবং সর্বাধিক ২৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ ২ মার্চ ২০০১-এর আগে জন্ম হলে বা ১ মার্চ ২০০৬-এর পরে জন্ম হলে আবেদন গ্রহণ করা হবে না।
ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, অনলাইন আবেদনপত্রে স্নাতকের শতাংশ নম্বর সঠিক ভাবে উল্লেখ করতে হবে। অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ বা ওজিপিএ দেওয়া হয়। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তা শতাংশে রূপান্তর করে আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
যোগ্যতার হিসাব করার সময় স্নাতকের সব সেমিস্টার বা বছরের নম্বর বিবেচনা করা হবে। অনার্স বা জেনারেল; যে কোনও ধরনের স্নাতক ডিগ্রির ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। আবেদনকারীদের অবশ্যই স্নাতকের মার্কশিট এবং ডিগ্রি সার্টিফিকেট বা প্রোভিশনাল ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে। প্রয়োজনে যাচাইয়ের সময় সেই নথি দেখাতে হতে পারে।
এ ছাড়াও প্রার্থীদের কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। কারণ ব্যাঙ্কিং পরিষেবার অধিকাংশ কাজ এখন তথ্যপ্রযুক্তি নির্ভর।
কী ভাবে আবেদন করবেন?
আবেদন করতে হলে প্রথমে আইডিবিআই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে; (https://www.idbi.bank.in/) । হোমপেজে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
এই পদে আবেদন করার শেষ দিন ১৯ মার্চ। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্ত, নির্বাচন পদ্ধতি এবং অন্যান্য তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করতে আগ্রহীদের জন্য আইডিবিআই ব্যাঙ্কের এই নিয়োগ প্রক্রিয়া একটি বড় সুযোগ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য ৬০টি শূন্যপদ থাকায় প্রতিযোগিতাও যথেষ্ট বেশি হতে পারে বলে মনে করছেন অনেকেই।