
IISER Kolkata Recruitment 2026: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER), কলকাতায় একাধিক নন-টিচিং পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লাইব্রেরিয়ান থেকে শুরু করে ডেপুটি রেজিস্ট্রার, সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার-সহ বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ও টেকনিকাল পদে নিয়োগ করা হবে। আগ্রহীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট আটটি শূন্যপদে নিয়োগ করা হবে। যে পদগুলিতে কর্মী নেওয়া হবে সেগুলি হল; লাইব্রেরিয়ান, সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, ডেপুটি ইঞ্জিনিয়ার, ডেপুটি রেজিস্ট্রার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং স্পোর্টস অফিসার।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি দফতর অথবা সরকারপোষিত সংস্থায় অন্তত পাঁচ থেকে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট মানদণ্ড রাখা হয়েছে। আবেদনকারীদের বয়স ৩৮ বছর থেকে ৫৬ বছরের মধ্যে হতে হবে। পদভেদে অভিজ্ঞতা এবং বয়সের শর্ত প্রযোজ্য হবে।
নিযুক্ত প্রার্থীদের গ্রুপ ‘এ’ বিভাগের পদে কাজ করতে হবে। বেতনের ক্ষেত্রে সপ্তম বেতন কমিশনের লেভেল ১০ থেকে লেভেল ১৪ পর্যন্ত বেতনক্রম নির্ধারণ করা হয়েছে। ফলে নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন এবং সরকারি চাকরির বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার উল্লেখ করা হয়নি। প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। বিশেষজ্ঞ কমিটি সাক্ষাৎকার নিয়ে চূড়ান্ত নির্বাচন করবে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন গ্রহণ করা হবে ৬ জুলাই পর্যন্ত। পাশাপাশি ডাকযোগেও আবেদনপত্র পাঠানোর সুযোগ রাখা হয়েছে। সেই ক্ষেত্রে আবেদনপত্র পৌঁছনোর শেষ তারিখ ২১ জুলাই।
আবেদন ফি হিসেবে ১,০০০ টাকা জমা দিতে হবে। তবে আবেদন করার আগে প্রার্থীদের যোগ্যতা, বয়সসীমা এবং প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত সমস্ত তথ্য ভাল করে দেখে নিন।