
IPGMER Kolkata recruitment 2026: আপনি কি সরকারি হাসপাতালে চাকরি করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুবর্ণ সুযোগ। মাত্র দশম শ্রেণী উত্তীর্ণ হলেই মিলতে পারে কাজ। কলকাতার স্বনামধন্য সরকারি চিকিৎসাকেন্দ্র ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (IPGMER) বা এসএসকেএম হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হাসপাতালের কম্প্রিহেনসিভ ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টারে এই কর্মীদের কাজ করতে হবে।
আপাতত মোট শূন্যপদ রয়েছে দু’টি। ল্যাকটেশন সাপোর্ট স্টাফ এবং ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন এইড। এই দুই পদে নেওয়া হবে কর্মী। উল্লিখিত পদ দু’টির জন্য প্রতি মাসের পারিশ্রমিক বা বেতন হিসেবে যথাক্রমে ২২,০০০ টাকা এবং ৭,২৬০ টাকা বরাদ্দ করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।
নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মাপকাঠিও স্পষ্ট করে দেওয়া হয়েছে। ল্যাকটেশন সাপোর্ট স্টাফ পদের জন্য আবেদনকারীকে নার্সিং-এ স্নাতক কিংবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফরি (GNEM) কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে। এর পাশাপাশি, যে কোনও সরকারি বা বেসরকারি হাসপাতালের ম্যাটারনিটি ওয়ার্ড কিংবা পিডিয়াট্রিক বিভাগে ন্যূনতম দু’বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
অন্যদিকে, ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন এইড পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাত্র দশম শ্রেণী পাস। তবে এই পদের ক্ষেত্রে প্রার্থীকে বাংলা এবং ইংরেজি, দুই ভাষাতেই সমান সাবলীল হতে হবে। এই পদে আবেদনের জন্য আগে থেকে কাজের কোনো অভিজ্ঞতা প্রয়োজন আছে কিনা, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।
এই চাকরি পাওয়ার জন্য কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। আগামী ২৩ জুন বেলা সাড়ে ১১টা থেকে আইপিজিএমইআর, কলকাতার নিয়ানটোলজি বিভাগে এই ওয়াক-ইন ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। এই নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি ও বিস্তারিত তথ্য জানতে চাকরিপ্রার্থীরা হাসপাতালের অফিশিয়াল ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।