
ISRO Recruitment 2026: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে (ISRO) চাকরির সুযোগ। ইসরোর অধীনস্থ ইউ আর রাও স্যাটেলাইট সেন্টারে (UR Rao Satellite Centre) জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক পাবেন।
ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য এই নিয়োগ। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করা যাবে?
ইসরোর বিজ্ঞপ্তি অনুযায়ী, মাইক্রোইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, পাওয়ার ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, সিগন্যাল প্রসেসিং, ভিএলএসআই অ্যান্ড এমবেডেড সিস্টেমস, অ্যাপ্লায়েড অপটিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, থার্মাল সায়েন্সেস, অপটিক্স, এরোস্পেস এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-সহ সমতুল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া
আবেদনকারীদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি থ্রিডি মডেলিং, প্রোগ্রামিং, ডেটা অ্যানালিসিস, ভিএলএসআই ডিজাইন সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।
এ ছাড়া যাঁরা জেইই (JEE) বা নেট (NET)-এর মতো সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা ও বেতন
জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিতদের প্রতি মাসে ৪২,০০০ টাকা বেতন দেওয়া হবে।
সিলেকশন প্রসেস
এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা হবে না। আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করবে ইসরো কর্তৃপক্ষ।
কীভাবে আবেদন করবেন?
ইচ্ছুক প্রার্থীদের ইসরোর নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ ১১ জুলাই। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউ সংক্রান্ত তথ্য পরে আলাদাভাবে জানানো হবে।