
চাকরির খোঁজে থাকা ব্যক্তিদের জন্য বড় সুযোগ। National Council of Science Museums-এ ট্রেনি নিয়োগ করা হবে। ভুবনেশ্বর দফতরে ইলেকট্রিক্যাল, কার্পেন্টার, পেন্টার এবং টার্নার ট্রেডে নিয়োগ। মোট শূন্যপদ চারটি। আইটিআই পাশ প্রার্থীদের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করেছে সংস্থা।
সংস্থার তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ট্রেডে ২০২৩ বা তার পরবর্তী শিক্ষাবর্ষে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) পাশ করে থাকলেই আবেদন করা যাবে। তবে শুধু আইটিআই পাশ হলেই হবে না, প্রার্থীদের মাধ্যমিক বা দশম শ্রেণি উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক। যদিও বয়সসীমা নিয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি।
নিযুক্ত প্রার্থীদের প্রথমে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরে কাজের ভিত্তিতে সেই মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হতে পারে। প্রতি মাসে ২০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নিয়োগের জন্য আলাদা করে অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। সরাসরি অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। অর্থাৎ নির্দিষ্ট দিনে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গেলেই অংশ নেওয়া যাবে সিলেকশন প্রসেসে অংশ নিতে পারবেন।
আগামী ২ জুন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। ওই দিন প্রার্থীদের সঙ্গে নিয়ে যেতে হবে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র, সরকারি পরিচয়পত্র এবং ওয়েবসাইটে দেওয়া আবেদনপত্রের পূরণ করা কপি।
চাকরিপ্রার্থীদের একাংশের মতে, বর্তমানে কেন্দ্রীয় সংস্থায় চুক্তিভিত্তিক চাকরির সুযোগ বাড়ছে। সেই পরিস্থিতিতে বিজ্ঞান মিউজ়িয়ামের মতো প্রতিষ্ঠানে ট্রেনি পদে কাজের সুযোগ ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে।
সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং অন্যান্য তথ্য পেয়ে যাবেন।