
চলতি বছরের নিট ইউজি ২০২৬ নিয়ে বড় ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। তারা পরীক্ষার ফি রিফান্ডের জন্য ব্যাঙ্ক ডিটেলস জমা করার সময় আরও কিছুটা বাড়াল। আর তাতেই স্বস্তি পরীক্ষার্থীদের মধ্যে।
সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, এতদিন যাঁরা প্রযুক্তিগত সমস্যা বা অন্যান্য কোনও কারণে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে পারেননি, তাঁরা জুন ২২ রাত ১১.৫০-এর মধ্যে এই তথ্য জমা দিতে পারেন। সেখানেই মিলবে রিফান্ড।
মাথায় রাখতে হবে, এই বছরে ৩ মে অনুষ্ঠিত হওয়া নিট পরীক্ষা ইতিমধ্যেই ক্যানসেল হয়ে গিয়েছে। সেই পরীক্ষার টাকা রিফান্ডের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৭ মে। তবে পরীক্ষার্থীদের স্বস্তি দিয়ে সেই সময়টাই বাড়িয়ে দিল এনটিএ। তাতে পড়ুয়ারা আরও বেশ কিছুটা সময় পেয়ে গেল।
কত পড়ুয়া আবেদন করেছে?
সোশ্যাল মিডিয়া এক্স-এ এনটিএ জানিয়েছে, ১.৩ মিলিয়ন পড়ুয়া ইতিমধ্যেই নির্দিষ্ট ওয়েবসাইটে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন জমা করে দিয়েছে। এই অ্যাকাউন্টগুলিতেই ফি ফেরত দেওয়া হবে। তবে এরপরও একটা বড় সংখ্যক পড়ুয়া নিজের তথ্য জমা করতে পারছিলেন না। আর সেই কারণেই এনটিএ সিদ্ধান্ত নিয়েছে রিফান্ডের জন্য ব্যাঙ্কের তথ্য জমা দেওয়ার সময় বাড়ানোর।
তথ্য ঠিক করার সুযোগ পাবেন না
এনটিএ সব পরীক্ষার্থীদের জানিয়ে দিয়েছে যে খুব সাবধান হয়ে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। কোনও ভুল হলে আবার সেটা ঠিক করার সুযোগ মিলবে না। যেই তথ্য প্রথমবারে সাবমিট করা হবে, সেটাই ফাইনাল বলে ধরে নেওয়া হবে। কোনও ভুল হলে বা কিছু পরিবর্তন করার থাকলে আর করা যাবে না।
তাই পড়ুয়ারা ফর্ম ফিলআপ করার সময় অবশ্যই অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড ঠিক ঠাক দেখে নেবেন। পাশাপাশি একটা ক্যানসেল চেকও আপলোড করে দিতে হবে। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না
অনেকেই শুধু শেষ সময়ের জন্য অপেক্ষা করেন। আর সেটাই বড় ভুল। এই কাজটা করলে সমস্যা বাড়বে। তাই এনটিএ পড়ুয়াদের পরামর্শ দিয়েছে, শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করতে। তার আগে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমা করার অনুরোধ করেছে তারা। তাতে শেষ মুহূর্তে সার্ভার ক্র্যাশ বা প্রযুক্তিগত ত্রুটির মতো সমস্যা এড়িয়ে যাওয়া হবে বলেও তারা জানিয়ে দিয়েছে।