
নতুন চাকরি পাওয়ার আনন্দ কার না হয়! নতুন পদ আর ভাল বেতনের প্রস্তাব পেলে স্বাভাবিকভাবেই আনন্দ তো হবেই। সেই খুশিতে তাড়াহুড়ো করে অফার লেটার ঠিক করে পড়ে দেখেন না অনেকে। আর তার জেরেই পরে বড় সমস্যায় পড়তে হয়। আসলে অফার লেটার শুধু কোম্পানি আপনাকে চাকরি দিচ্ছে, এমনটা জানানোর ডকুমেন্ট নয়, এটি আইনি চুক্তিও।
অফার লেটারে বেতন, চাকরিতে যোগ দেওয়ার তারিখ, প্রোবেশন পিরিয়ড, নোটিস পিরিয়ড, চাকরির শর্ত, দায়িত্ব এবং কোম্পানির বিভিন্ন নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকে। অনেক সময় এমন কিছু শর্তও থাকে, যা প্রার্থীর নজর এড়িয়ে যায়। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার পর সেই শর্তগুলির প্রভাব বুঝতে পারেন কর্মীরা। তাই নতুন চাকরির অফার হাতে পেয়েই উৎসাহের বশে 'অ্যাকসেপ্ট' করার আগে অফার লেটারের প্রতিটি বিষয় ভাল করে পড়ে নেওয়া জরুরি। কোথাও কোনও সন্দেহ থাকলে তা এড়িয়ে না গিয়ে সরাসরি এইচআরের সঙ্গে কথা বলুন।
সিটিসি নয়, হাতে কত টাকা: অফার লেটার হাতে পেয়েই শুধু CTC-এর দিকে নজর দেন সবাই। হাতে কত টাকা বেতন আসবে, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন না। কিন্তু নতুন চাকরির অফার পাওয়ার পর CTC-এর পাশাপাশি ইন-হ্যান্ড স্যালারিও ভাল করে দেখে নেওয়া প্রয়োজন। দুইয়ের মধ্যে কতটা পার্থক্য রয়েছে, সেটিও বুঝে নেওয়া জরুরি।
নোটিস পিরিয়ড: অনেক কর্মীই অফার লেটারে থাকা নোটিস পিরিয়ডের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন না। মনে করেন, এখনই তো আর কোম্পানি ছাড়ছেন না। পরে যখন চাকরি ছাড়ার সময় আসে, তখন ভুল ভাঙে। তাই নতুন কোম্পানিতে যোগ দেওয়ার আগে অবশ্যই জেনে নিন, চাকরি ছাড়ার ক্ষেত্রে কত দিনের নোটিস দিতে হবে। সেটা ৩০ দিন, ৬০ দিন নাকি ৯০ দিন, অফার লেটারে তা স্পষ্ট করে দেখে নেওয়া উচিত।
শর্ত: অফার লেটারে কোনও ধরনের এমপ্লয়মেন্ট ক্লজ বা পেনাল্টি ক্লজ রয়েছে কিনা, সেটাও কর্মীর ভাল করে দেখে নেওয়া দরকার।
এমপ্লয়মেন্ট ক্লজ: চাকরির সঙ্গে যুক্ত এমন কিছু শর্ত, যা কর্মীকে মেনে চলতে হয়। এর মধ্যে চাকরির মেয়াদ, নোটিস পিরিয়ড, কাজের দায়িত্ব, কোম্পানির নীতি বা চাকরি সংক্রান্ত অন্যান্য শর্ত থাকতে পারে।
পেনাল্টি ক্লজ: কোনও নিয়ম বা নির্দিষ্ট শর্ত ভাঙলে কর্মীর কাছ থেকে জরিমানা বা আর্থিক ক্ষতিপূরণ নেওয়ার কথা বলা থাকলে তাকে পেনাল্টি ক্লজ বলা হয়। যেমন, কোম্পানির নির্দিষ্ট শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের আগে চাকরি ছেড়ে দিলে কর্মীকে কোনও অর্থ দিতে হতে পারে।
লোকেশন ও প্রোবেশন পিরিয়ড: কোন পদে বা কী দায়িত্বে আপনাকে নিয়োগ করা হচ্ছে, কোম্পানির কাজের লোকেশন কোথায়, প্রোবেশন পিরিয়ড কত দিনের এবং কোম্পানির ট্রান্সফার পলিসি কী, এই বিষয়গুলিও আগে থেকে জেনে নেওয়া প্রয়োজন।
সাধারণত এই সমস্ত তথ্যই অফার লেটারে উল্লেখ থাকে। তাই নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে শুধু বেতনের অঙ্ক নয়, অফার লেটারের প্রতিটি শর্ত ভাল করে পড়ে বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ।