
শুধু বড় ডিগ্রি থাকলেই দক্ষ কর্মী হওয়া যায় না। শিল্পক্ষেত্র চালাতে হাতে-কলমে কাজ জানা মানুষেরও প্রয়োজন। তাই IIT-র পড়ুয়াদের মতোই সমান সম্মান পাওয়া উচিত ITI-র ছাত্রছাত্রীদের। রবিবার লখনউয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, দেশের শিল্প ও অর্থনীতির ভিত শক্ত করতে প্রশিক্ষিত কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সমাজে তাঁদের যথাযথ সম্মান দেওয়া হয় না।
লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত হয় পঞ্চম কৌশল দীক্ষান্ত সমারোহ বা জাতীয় দক্ষতা সমাবর্তন অনুষ্ঠান। সেখানেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোনও ছাত্রছাত্রী ITI-তে ভর্তি হলে অনেক সময় তাঁদের পরিবার, বন্ধু এবং আত্মীয়রা বিষয়টি প্রকাশ করতে চান না। কারণ, তাঁদের ধারণা, বিশ্ববিদ্যালয় বা সাধারণ কলেজে পড়াশোনা না করে হাতে-কলমে কাজ শেখা বুঝি কম সম্মানের। এই মানসিকতা বদলানো প্রয়োজন।
কোম্পানির আসল শক্তি কারা?
প্রধানমন্ত্রী বলেন, বড় কোনও সংস্থায় হয়তো দু'-তিন জনের কাছে উচ্চশিক্ষার ডিগ্রি রয়েছে। কিন্তু সেই সংস্থার কাজ চালিয়ে নিয়ে যান কয়েকশো প্রশিক্ষিত কর্মী। একটি সংস্থায় ২০০ থেকে ৩০০ জন ITI প্রশিক্ষিত কর্মী থাকতে পারেন। তাঁদের দক্ষতা এবং পরিশ্রমের উপরেই নির্ভর করে উৎপাদন ও পরিষেবা। তাই শুধু ডিগ্রি দিয়ে কর্মীর যোগ্যতা বিচার করা উচিত নয়।
কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়ছে কেন?
মোদীর মতে, ভারতের উন্নয়নে কারিগরি শিক্ষা বড় ভূমিকা নিতে চলেছে। দেশের ঐতিহ্যেও দক্ষ কারিগরদের অবদান রয়েছে। লখনউয়ের চিকনকারি, কাশ্মীরের পশমিনা, বেনারসের রেশমের মতো শিল্প তার উদাহরণ। কিন্তু সময়ের সঙ্গে হাতে-কলমে কাজ শেখার গুরুত্ব কমেছে। ব্রিটিশ আমলের শিক্ষাব্যবস্থাও কেরানি তৈরির উপর বেশি জোর দিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
AI-এর যুগ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর কারণে চাকরি হারানোর আশঙ্কা বাড়ছে। তবে প্রধানমন্ত্রীর বক্তব্য, যাঁদের বাস্তব কাজের দক্ষতা রয়েছে, তাঁদের কর্মসংস্থানের সুযোগ থাকবে। শিল্পক্ষেত্রে দক্ষ কর্মীর চাহিদা আরও বাড়বে।
অনুষ্ঠানে ITI-র পড়ুয়াদের আত্মবিশ্বাস ও পোশাক-পরিচ্ছদের প্রশংসাও করেন মোদী। তাঁর বক্তব্য, উন্নত ভারত গড়তে শুধু উচ্চশিক্ষিত নয়, দক্ষ কারিগরদেরও প্রয়োজন। আগামী বছর গ্রেটার নয়ডায় বিশ্ব দক্ষতা প্রতিযোগিতার আয়োজন করবে ভারত।