
School Teacher Jobs: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল পুরুলিয়ার সৈনিক শিক্ষা নিকেতন। এই শিক্ষা প্রতিষ্ঠানে চুক্তির ভিত্তিতে প্রাইমারি টিচার একাউন্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পুরুলিয়া জেলার স্থায়ী বাসিন্দা যে কোনো যোগ্য নারী বা পুরুষ চাকরিপ্রার্থী এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। ইমেলের মাধ্যমে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ১৫ দিনের মধ্যে আবেদনকারীদের নিজেদের বায়ো-ডাটা এবং প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে হবে। আগামী ১১ জুলাই ২০২৬ তারিখ সকাল ৯ টার মধ্যে প্রার্থীদের ইন্টারভিউ এবং পরীক্ষার জন্য পুরুলিয়ার রাঁচি রোডের এনএইচ ৩২ স্থিত সৈনিক শিক্ষা নিকেতন প্রাঙ্গণে সশরীরে উপস্থিত হতে হবে।
এই নিয়োগ প্রক্রিয়ায় প্রাইমারি টিচার বা পিআরটি পদের জন্য প্রার্থীর বয়স ০১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাসের পাশাপাশি এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিএলএড বা সমমানের কোর্স পাস হতে হবে। সেই সঙ্গে কম্পিউটারের সাধারণ জ্ঞান এবং ইংরেজিতে লেখার ও পড়ানোর দক্ষতা থাকা আবশ্যক। বিএড ডিগ্রিধারী শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন কিংবা খেলাধুলা এনসিসি এবং সহ পাঠ্যক্রমিক কার্যাবলীতে পারদর্শীরা এই পদে বাড়তি অগ্রাধিকার পাবেন। এই পদের জন্য মাসিক বেতন ঠিক হয়েছে ১৬ হাজার টাকা।
অন্যদিকে একাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে বয়স হতে হবে ০১ জুলাই ২০২৬ তারিখের হিসাবে ১৮ থেকে ৪২ বছরের মধ্যে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে স্নাতক প্রার্থীরা এই পদের জন্য যোগ্য। তবে কম্পিউটারে প্রতি মিনিটে অন্তত ৪০টি ইংরেজি শব্দ টাইপের গতি থাকার পাশাপাশি এমএস অফিসের কাজে দক্ষ হতে হবে। ট্যালি সফটওয়্যারের কাজ জানা থাকলে প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং এই পদের জন্য মাসিক বেতন ২০ হাজার টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য বয়স হতে হবে ০১ জুলাই ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা কম্পিউটারে কাজের দক্ষতা এবং টাইপিং স্পিড থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৪০টি হিন্দিতে ৩০টি এবং বাংলায় ২০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে এবং ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারলে অগ্রাধিকার মিলবে। এই পদের মাসিক বেতন ১৫ হাজার টাকা।
আগ্রহী প্রার্থীদের প্রথমে স্কুলের নির্দিষ্ট ওয়েবসাইট ssn.sainikschoolpurulia.com/recruitment-এ গিয়ে ফর্মে বায়ো-ডাটা পূরণ করতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র অভিজ্ঞতা এবং সিভির একটি একক পিডিএফ ফাইল তৈরি করে ssnpurulia1970@gmail.com এই অফিশিয়াল ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। জমা পড়া আবেদনপত্রগুলি থেকে যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। পরবর্তীতে সেই বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা ডেমো ক্লাস এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্যানেল তৈরি করে কাজে নিয়োগ করা হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।