
Railway Station Master Recruitment 2026: রেলে স্টেশন মাস্টার পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বাড়ল ন্যূনতম বয়সের নিয়ম। মিনিমাম এজ বাড়িয়ে ২০ বছর করল রেল বোর্ড। আগে এই পদে আবেদনের ন্যূনতম বয়স ছিল ১৮ বছর। ৭ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে।
রেল বোর্ডের এই সিদ্ধান্তের ফলে স্টেশন মাস্টার পদে চাকরির আবেদন করতে গেলে প্রার্থীদের বয়সের নতুন শর্ত মাথায় রাখতে হবে। তবে যাঁদের নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তাঁদের ক্ষেত্রে পুরনো নিয়মই বহাল থাকবে। অর্থাৎ, সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেলে নতুন বয়সের নিয়ম সেই প্রক্রিয়ায় প্রযোজ্য হবে না।
কী বদল করল রেল বোর্ড?
স্টেশন মাস্টার পদে সরাসরি নিয়োগের বয়স সংক্রান্ত নিয়ম বদলেছে রেল বোর্ড। আগে ইন্ডিয়ান রেলওয়ে এস্টাবলিশমেন্ট ম্যানুয়াল অনুযায়ী, এই পদে আবেদনের বয়সসীমা ছিল ১৮ থেকে ৩০ বছর। এ বার ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২০ বছর করা হয়েছে। ৭ অক্টোবর জারি করা নির্দেশিকায় এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।
জোনাল রেলওয়ে, রেল উৎপাদন সংস্থা এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে স্পষ্ট বলা হয়েছে, নির্দেশিকা জারির দিন থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। তবে কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, তা আগের নিয়ম মেনেই সম্পন্ন হবে।
কেন বয়স বাড়ানোর সিদ্ধান্ত?
রেল বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশন (এআইএসএমএ)। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরেই এই পরিবর্তনের দাবি জানানো হচ্ছিল। কারণ, স্টেশন মাস্টার পদে সরাসরি নিয়োগের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক। ফলে পড়াশোনা শেষ করতে করতেই অধিকাংশ প্রার্থীর বয়স ২০ বছর হয়ে যায়।
সংগঠনের সাধারণ সম্পাদক শরদ চন্দ্র পুরোহিত জানিয়েছেন, ১৮ বছর বয়সে স্নাতক পাশ করা সম্ভব নয় বললেই চলে। তাই শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য রেখেই ন্যূনতম বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছেও স্টেশন মাস্টারদের কাজের পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।