
ভারতীয় রেলে চাকরি করতে চান সব চাকরিপ্রার্থীরাই। আর অফিসার হলে তো কথাই নেই। এমন স্বপ্ন আপনারও থাকলে সেই সুযোগ চলে এল। দেশজুড়ে স্টেশন মাস্টার পদে মোট ১২১৫টি শূন্যপদে চাকরির ঘোষণা করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। রেল মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়ার (CEN No. 08/2026) জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৭ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। জেনে নিন এই নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি এবং আবেদনের নিয়ম।
বেতন: সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের লেভেল ৬ অনুযায়ী স্যালারি পান স্টেশন মাস্টার। এই পদে বেসিক বেতন মাসে ৩৫,৪০০ টাকা। এর সঙ্গে অন্যান্য ভাতা।
বয়সসীমা: ২০২৭ সালের ১ জানুয়ারির হিসেবে প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩৩ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
গুরুত্বপূর্ণ নোট: যাঁরা স্নাতকস্তরের চূড়ান্ত বর্ষ বা সেমেস্টারের ফলের অপেক্ষায় রয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন না।
আবেদন ফি কত?
সাধারণ ও OBC শ্রেণির প্রার্থী: আবেদন ফি ৫০০ টাকা। কম্পিউটার বেসড টেস্টে অংশগ্রহণ করার পর ব্যাঙ্কের চার্জ কেটে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে।
সংরক্ষিত শ্রেণি ও অন্যান্য নির্দিষ্ট বিভাগের প্রার্থী: মহিলা, SC/ST, প্রাক্তন সেনাকর্মী, রূপান্তরকামী, সংখ্যালঘু এবং EBC শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা। কম্পিউটার বেসড টেস্ট দেওয়ার পর পুরোটা ফেরত পেয়ে যাবেন।
কীভাবে হবে পরীক্ষা?
স্টেশন মাস্টার পদে নিয়োগের জন্য প্রার্থীদের কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে।
১. কম্পিউটার বেসড টেস্ট (CBT): পরীক্ষায় ভুল উত্তর দিলে ১/৩ নম্বর কাটা হবে।
২. কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট (CBAT): CBT-তে উত্তীর্ণ প্রার্থীদের অ্যাপটিটিউড পরীক্ষা দিতে হবে।
৩. নথি যাচাই: প্রার্থীদের নথিপত্র পরীক্ষা করা হবে।
৪. মেডিক্যাল পরীক্ষা: শারীরিক ও চিকিৎসা সংক্রান্ত মানদণ্ড পূরণ করতে হবে।
চোখে সমস্যা থাকলে কী আবেদন?
স্টেশন মাস্টার পদে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীদের A-2 মেডিক্যাল স্ট্যান্ডার্ড পূরণ করা বাধ্যতামূলক। চোখের চশমা দূর করার জন্য LASIK বা অন্য কোনও ধরনের অস্ত্রোপচার করিয়ে থাকলে সংশ্লিষ্ট প্রার্থী এই পদের জন্য যোগ্য বিবেচিত হবেন না। তাই আবেদন করার আগে মেডিক্যাল সংক্রান্ত শর্তগুলি ভালো করে দেখে নেওয়া জরুরি।
কীভাবে আবেদন করবেন?
চাকরিপ্রার্থীরা RRB-এর অফিসিয়াল আবেদন পোর্টাল rrbapply.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করুন।
আবেদন শুরুর তারিখ: ২৭ অক্টোবর
আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৭ নভেম্বর
আবেদনপত্র সংশোধনের সময়সীমা: ২৮ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর ২০২৬
আবেদনে যা মাথায় রাখবেন
আবেদন করার আগে সমস্ত RRB জোনের শূন্যপদ ভালো করে দেখে নিন। কারণ এক জন প্রার্থী খালি একটি RRB জোনই বেছে নিতে পারবেন। তাই আবেদন জমা দেওয়ার আগে পছন্দের জোন এবং নিয়োগ সংক্রান্ত সমস্ত শর্ত ভালো করে দেখে নিন।