
Rail Recruitment 2026 Notification: সরকারি চাকরির স্বপ্ন বাস্তবায়নের জন্য দারুণ একটি সুযোগ নিয়ে এল ভারতীয় রেলওয়ে। রেলে প্রায় ৬৫০০ এর বেশি শূন্যপদে টেকনিশিয়ান নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি। চলতি বছরের মে মাসে এই নিয়ে একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। সর্বনিম্ন মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই এই আকর্ষণীয় পদে আবেদন জানানো সম্ভব। চূড়ান্তভাবে নির্বাচিত হলে মিলবে কেন্দ্র সরকারের অধীনস্থ রেলে স্থায়ী চাকরি। শুরুতেই ১৯ হাজার ৯০০ টাকা বেতনের সঙ্গে পাওয়া যাবে সরকারি সব সুবিধা।
শূন্যপদ এবং পদের ক্যাটাগরি
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৬৫৫৭ টি পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীদের প্রধানত দুটি ক্যাটাগরিতে নিযুক্ত করা হবে। এর মধ্যে টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল পদে রয়েছে ৩২৩ টি আসন। অন্যদিকে টেকনিশিয়ান গ্রেড ৩ এর আওতায় বিভিন্ন ট্রেড যেমন ট্র্যাক মেশিন ব্ল্যাকস্মিথ কার্পেন্টার ডিজেল মেকানিকাল ফিটার এবং ওয়েল্ডার সহ অন্যান্য ক্যাটাগরিতে রয়েছে মোট ৬২৩৪ টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় শংসাপত্র
টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল পদের জন্য পদার্থবিদ্যা বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি কিংবা ইন্সট্রুমেন্টেশন বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। অথবা উল্লিখিত বিষয়গুলোর যেকোনো একটিতে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কিংবা বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। অপরদিকে টেকনিশিয়ান গ্রেড ৩ এর বিভিন্ন ট্রেডে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং নির্দিষ্ট ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি অনুমোদিত আইটিআই অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে। তবে টেকনিশিয়ান গ্রেড ৩ এর অন্তর্গত এস অ্যান্ড টি ক্যাটাগরিতে ফিজিক্স এবং ম্যাথ নিয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন জানাতে পারবেন।
বয়সসীমা এবং বেতন পরিকাঠামো
আবেদনকারী প্রার্থীর বয়স ১ জুলাই ২০২৬ তারিখের হিসাবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছর নির্ধারণ করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় বিশেষ ছাড় পাবেন। সফল প্রার্থীরা ৭ম পে কমিশন অনুযায়ী বেতন পাবেন। টেকনিশিয়ান গ্রেড অনুসারে পারিশ্রমিক নির্ধারণ করা হবে যার প্রারম্ভিক মূল বেতন ১৯ হাজার ৯০০ টাকা এবং সঙ্গে অন্যান্য সরকারি ভাতা যুক্ত হবে।
আবেদন ফি সংক্রান্ত বিবরণ
সাধারণ এবং ওবিসি ক্যাটাগরির আবেদনকারীদের জন্য ৫০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। পরবর্তীতে সিবিটি অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করলে ব্যাঙ্ক চার্জ কেটে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। অন্যদিকে এসসি এসটি প্রাক্তন সেনাকর্মী শারীরিক প্রতিবন্ধী মহিলা ট্রান্সজেন্ডার সংখ্যালঘু এবং ইবিসি প্রার্থীদের ২৫০ টাকা ফি দিতে হবে। সিবিটি পরীক্ষায় অংশ নিলে এই ২৫০ টাকা সম্পূর্ণ রিফান্ড পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আরআরবি এর পোর্টাল rrbapply.gov.in অথবা আঞ্চলিক বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে। নির্দিষ্ট বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করে প্রথমে মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। এরপর পরিচয়পত্রের প্রাথমিক তথ্য ভেরিফিকেশন করার পর মূল ফর্ম পূরণ করে পদ নির্বাচন করতে হবে। এরপর লাইভ ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করে ফি জমা দিয়ে আবেদন সাবমিট করা যাবে। অনলাইন আবেদন শুরুর তারিখ ৩০ জুন ২০২৬ এবং আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৯ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই ২০২৬ এবং আবেদনপত্র সংশোধনের সুযোগ থাকবে ১ আগস্ট থেকে ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত। এ ছাড়া স্ক্রাইব সংক্রান্ত তথ্য জমা দিতে হবে ১১ আগস্ট থেকে ১৫ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া
সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি তিনটি মূল ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে অনুষ্ঠিত হবে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি। এই পরীক্ষার মেধা তালিকার ভিত্তিতে ১:১ অনুপাতে উত্তীর্ণদের নথি যাচাইকরণ ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। পরিশেষে রেলের নির্দিষ্ট মেডিকেল ক্যাটাগরি যেমন এ৩ বি১ বি২ বা সি১ অনুযায়ী প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা করে চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হবে।