
State Bank Of India Job Vacancy: আপনি কি ব্যাঙ্কের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের বড় সুযোগ করে দিয়ে এবার বাম্পার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৭ হাজারের বেশি শূন্যপদে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নেওয়া হবে। সাধারণ স্নাতক ডিগ্রি থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।
শূন্যপদের বিবরণ ও পোস্টিং
এসবিআই-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার দেশজুড়ে মোট ৭১৫০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। তবে এরাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বাড়তি সুখবর। পশ্চিমবঙ্গের জন্য মোট শূন্যপদ সংরক্ষিত রয়েছে ৪৬০টি। ফলে ঘরের কাছেই কাজের সুযোগ পাওয়ার একটা বড় সম্ভাবনা থাকছে বাঙালি যুবক-যুবতীদের সামনে।
যোগ্যতা ও বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক (Graduate) পাস করতে হবে। আবেদনের জন্য বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত ক্যাটাগরির (এসসি, এসটি, ওবিসি ও পিডব্লিউডি) প্রার্থীরা নিয়মমাফিক বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
বেতন ও নিয়োগ পদ্ধতি
বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনও বেতন কাঠামোর উল্লেখ না থাকলেও, ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ভালো অঙ্কের স্টাইপেন্ড (Stipend) দেওয়া হবে। যোগ্য প্রার্থী বেছে নিতে প্রথমে অনলাইনে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর থাকবে স্থানীয় ভাষার দক্ষতার পরীক্ষা (Local Language Test)। এই দুই পরীক্ষায় উত্তীর্ণদের নথিপত্র যাচাই (Document Verification) এবং ডাক্তারি পরীক্ষা বা মেডিকেল টেস্টের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
আবেদন প্রক্রিয়া ও জরুরি তারিখ
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এর জন্য প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নতুন প্রার্থীরা প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সারবেন। এরপর নির্ভুলভাবে আবেদনপত্র পূরণ করে নিজের ছবি ও নথিপত্র আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করে দিলেই কেল্লাফতে!
মনে রাখবেন, গত ১৯ মে থেকেই কিন্তু এই পদের জন্য অনলাইন আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ২৮ জুন। তাই আর দেরি না করে ব্যাঙ্কিং ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করাই বুদ্ধিমানের কাজ হবে।