
SBI Recruitment 2026: কর্পোরেট ও আইটি সেক্টরে কাজ করে ক্লান্ত? সেক্ষেত্রে সরকারি ব্যাঙ্কে কাজের মাধ্যমে নিজের কেরিয়ারে নতুন মোড় আনতে পারেন। কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) ও তথ্যপ্রযুক্তি(IT) ক্ষেত্রে অভিজ্ঞ প্রফেশনাল খুঁজছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। স্পেশালিস্ট ক্যাডার অফিসার (SCO) পদে একাধিক বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। জেনারেল ম্যানেজার থেকে এআই আর্কিটেক্ট, বিভিন্ন পদে কাজের সুযোগ রয়েছে। নির্দিষ্ট মেয়াদের চুক্তির ভিত্তিতে নিয়োগ। আবেদন করতে হবে ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে।
কোন পদে কত বয়স?
জেনারেল ম্যানেজার ও চিফ এআই অফিসার পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স কিংবা সংশ্লিষ্ট বিষয়ে বি ই, বি টেক বা এম টেক ডিগ্রি লাগবে।
ডেপুটি জেনারেল ম্যানেজার পদে বয়সসীমা ৩৫ থেকে ৫০ বছর। রিস্ক অ্যানালিটিক্স, এআই গভর্ন্যান্স, কমপ্লায়েন্স এবং ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট টেকনিকাল সাবজেক্টে প্রয়োজনীয় এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে।
এ ছাড়াও এআই সলিউশন আর্কিটেক্ট এবং এন্টারপ্রাইজ এআই আর্কিটেক্ট পদে নিয়োগ হবে। উভয় ক্ষেত্রেই বয়স হতে হবে ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পদ অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আলাদা হতে পারে।
কীভাবে সিলেকশন করা হবে?
শুধু লিখিত পরীক্ষা নয়, প্রাথমিক এনলিস্টিং এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করবে এসবিআই। ইন্টারভিউয়ের ফুল মার্কস ১০০। সেই নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে। প্রথম চারটি পদের জন্য প্রাথমিকভাবে যাঁরা সিলেক্টেড হবেন, তাঁদের নিজেদের কাজের অভিজ্ঞতা, কোন প্রোজেক্টে কাজ করেছেন সেসব ব্যাখ্যা করে ১০ মিনিটের প্রেজেন্টেশন দিতে হবে। পারিশ্রমিক নিয়েও আলোচনা হবে।
কীভাবে আবেদন করবেন?
আবেদন করতে প্রথমে এসবিআইয়ের সরকারি ওয়েবসাইট sbi.bank.in খুলতে হবে। সেখানকার ‘কেরিয়ার্স’ সেকশনে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে হবে। এলিজিবিলিটি চেক করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার বিবরণ দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। জমা দেওয়া আবেদনপত্রের একটি কপি রেখে দিন। আবেদনের শেষ তারিখ ও অন্যান্য শর্ত জানতে মূল নোটিফিকেশন দেখে নিন।