
নতুন সরকার শপথগ্রহণ করতেই রাজ্যে বেড়ে গেল গরমের ছুটি। ৩১ মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে এই ছুটির মেয়াদ। ১ জুন খুলবে রজ্যের স্কুলগুলি। তীব্র গরমের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শুভেন্দু সরকার।
এদিন নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পরই শিক্ষা দফতরের সচিব নির্দেশিকা জারি করে জানিয়ে দেন, ৩১ মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হচ্ছে স্কুলগুলির গরমের ছুটি। আগামী ১ জুন খুলবে রাজ্যের সমস্ত স্কুল।
উল্লেখ্য, চলতি বছর গরমের ছুটি পড়েছিল ১১ মে। খোলার কথা ছিল ১৮ মে, সোমবার। তার বদলে আরও ২ সপ্তাহ বাড়িয়ে দেওয়া হল ছুটি। সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সব স্কুলে (পাহাড় এলাকা বাদে) বর্ধিত গরমের ছুটি বলবৎ থাকবে।
এদিকে, নির্বাচনের আগে ইশতেহারে BJP প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলায় ক্ষমতায় এলেই দ্বিগুণ করে দেওয়া হবে ভাতাগুলি। সরকার গঠনের পর এবার সেই ঘোষণাই করা হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আগের সরকারের চালু করা কোনও সামজিক প্রকল্প বন্ধ করা হবে না। ফলত মন্ত্রী অগ্নিমিত্রা পল জানান, বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হবে। প্রাথমিক ভাবে ধাপে ধাপে এই প্রকল্পটি চালু হবে। শুভেন্দু বলেন, 'চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। প্রচারের সময়েও জানানো হয়ছিল। ৩০ বছর আগের হোক বা ১০ বছর আগের, কোনও প্রকল্পই বন্ধ করা হচ্ছে না।' মুখ্যমন্ত্রীর সংযোজন, 'আমরা পেপারলেস অফিস করব। সমস্ত পোর্টালগুলি আপডেট করা হবে। সকল উপভোক্তা DBT-র মাধ্যমে টাকা পাবেন। সবটাই হবে স্বচ্ছতার সঙ্গে। তবে কোনও মৃত ব্যক্তি সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না। কোনও অ-ভারতীয় এই ধরনের স্কিমের টাকা পেতে পারেন না।' একইসঙ্গে বাড়িয়ে দেওয়া হয়েছে বিধবা ভাতা, বার্ধক্য ভাত এবং প্রতিবন্ধী ভাতা। এগুলি এবার থকে দ্বিগুণ করে ঢুকবে অ্যাকাউন্টে।
অন্যদিকে, ১ জুন থেকে রাজ্যের মহিলারা বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন।