
UGC Fake Universities List 2026: UGC-র অনুমোদন নেই। তাও নিজেদের 'ইউনিভার্সিটি' তকমা দিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান। দেশের এমন ৩২টি 'ভুয়ো' বিশ্ববিদ্যালয়ের তালিকা দিল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের অতি সুপরিচিত ইউনিভার্সিটিও। কমিশনের প্রকাশিত ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে বাংলার দু’টি প্রতিষ্ঠানের নাম। ফলে ভর্তি হওয়ার আগে প্রতিষ্ঠানের স্বীকৃতি এবং ডিগ্রি দেওয়ার আইনি অধিকার আছে কিনা, তা অবশ্যই চেক করে নিন। নাহলে সময় ও পরিশ্রম, দু'টিই পন্ড হবে।
১৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত নির্দেশিকায় কমিশন জানিয়েছে, কোনও কলেজ বা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে সেটি সংশ্লিষ্ট কোর্স চালানোর অনুমতি পেয়েছে কি না, তা দেখে নিতে হবে। শুধু তাই নয়, ভর্তির ফি জমা দেওয়ার আগেও প্রতিষ্ঠানের আইনি বৈধতা যাচাই করা জরুরি। পড়ুয়াদের ভবিষ্যৎ এবং আর্থিক ক্ষতি আটকাতেই এই সতর্কবার্তা।
বাংলার কোন দুই প্রতিষ্ঠানের নাম রয়েছে এই তালিকায়?
ইউজিসির প্রকাশিত তালিকায় পশ্চিমবঙ্গের দু’টি প্রতিষ্ঠানের নাম রয়েছে। সেগুলি হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন এবং ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৩২টি প্রতিষ্ঠানের নাম রয়েছে এই তালিকায়। দিল্লিতে সবচেয়ে বেশি।
তালিকায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচলপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, পুদুচেরি, রাজস্থান এবং উত্তরপ্রদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নামও রয়েছে। ইউজিসির ওয়েবসাইটে ‘ফেক ইউনিভার্সিটিজ’ বিভাগে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
ভর্তির আগে কী কী চেক করবেন?
কমিশনের নির্দেশ, কোনও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, ওয়েবসাইট, প্রচারপত্র বা সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দেখেই সিদ্ধান্ত নেবেন না। প্রতিষ্ঠানটির আইনি স্বীকৃতি আছে কি না, ডিগ্রি দেওয়ার অনুমতি রয়েছে কি না এবং প্রয়োজনীয় সরকারি স্বীকৃতি আছে কি না, তা চেক করতে হবে।