
মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ৮ মে, শুক্রবার প্রকাশিত হবে ২০২৬ সালের মাধ্যমিকের ফল। শুক্রবার (১৭ এপ্রিল) প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। West Bengal Board of Secondary Education-এর তরফে জানানো হয়েছে, 'মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এর ফল ৮ মে ২০২৬ (শুক্রবার) প্রকাশিত হবে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।' ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে।
কবে পরীক্ষা হয়েছিল?
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। রাজ্য জুড়ে মোট ২,৬৮২টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। এবারে মোট প্রায় ৯.৭১ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষার্থীদের মধ্যে ৫,৪৪,৬০৬ জন ছাত্রী এবং ৪,২৬,৭৩৩ জন ছাত্র ছিলেন। এছাড়াও একজন পরীক্ষার্থী তৃতীয় লিঙ্গের হিসেবে নথিভুক্ত ছিলেন। এত বড় সংখ্যক পরীক্ষার্থীর ফল প্রকাশের জন্য দ্রুত মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করেছে পর্ষদ।
৮৫ দিনের মধ্যেই ফল প্রকাশ
উল্লেখযোগ্য বিষয়, পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৮৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত ফল তৈরির কাজ শেষ করেছে পর্ষদ। ফলে পরীক্ষার্থীরা দ্রুত নিজেদের ফল জানতে পারবেন।
কীভাবে রেজাল্ট দেখবেন?
ফল প্রকাশের দিন পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফল দেখতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ গিয়ে রোল নম্বর, জন্মতারিখ ইত্যাদি তথ্য দিয়ে ফল জানা যাবে। এছাড়াও SMS-এর মাধ্যমেও রেজাল্টের ব্যবস্থা থাকবে, যাতে ইন্টারনেট না থাকলেও ছাত্রছাত্রীরা ফল জানতে পারেন।
গুজবে কান দেবেন না, সতর্কতা পর্ষদের
পর্ষদের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যেন শুধুমাত্র অফিসিয়াল সূত্রের উপর ভরসা করেন। ভুয়ো খবর বা গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ফল প্রকাশ এবং সম্পর্কিত নির্দেশিকা সম্পর্কে সময় মতো তথ্য পেতে পরীক্ষার্থীরা শুধুমাত্র পর্ষদের অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।'
স্কুল থেকে মার্কশিট নিতে হবে
ফল প্রকাশের দিনই স্কুলগুলির মাধ্যমে মার্কশিট বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে, এটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে বড় আপডেট। আগামী ৮ মে রেজাল্ট জানা যাবে। এখন শুধু আর কিছুদিনের অপেক্ষা।