
বিধানসভা ভোটের কারণে এই বছর একটু আগেই শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল পরীক্ষা। ১২ তারিখ শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার পরে পরীক্ষার্থীদের মনে আসে ফলাফলের বিষয়টি। কবে মাধ্য়মিক পরীক্ষার ফল ঘোষণা হবে তা জানতে উৎসুক থাকেন বাবা মায়েরাও। পর্ষদ এই বিষয়ে নির্দিষ্ট দিন এখনও না জানালেও মে মাসে ফল প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কবে মাধ্যমিকের ফল?
মাধ্যমিকের ফল প্রকাশ সাধারণত পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যেই হয়। এবারও ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে আগেই জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এদিকে বিধানসভা ভোটের ফল ঘোষণা করা হবে ৪ মে। সুতরাং এর পরেই প্রকাশ পেতে পারে মাধ্যমিকের ফল।
প্রসঙ্গত, এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,৭১,৩৪০ জন, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। এর মধ্যে ৪,২৬,৭৩৩ জন ছাত্র, ৫,৪৪,৬০৬ জন ছাত্রী। একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ওরয়েছেন। গোটা রাজ্যজুড়ে মোট ২,৬৮২টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয় মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার রেজাল্টের জন্য ১৩৭৬ জন হেড এক্সামিনার কাজ করছেন। সেইসঙ্গে ৫২০০০ জন এক্সামিনার কাজ করছেন। মোট ১৪৮৬টি ভেন্যুতে পরীক্ষা নেওয়া হয়েছে।
কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?
রেজাল্ট দেখতে পাবেন wbbse.wb.gov.in ও wbresults.nic.in ওয়েবসাইটে। পরীক্ষার্থীরা wbresults.nic.in এবং wbbse.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন। এছাড়াও বিভিন্ন মোবাইল অ্যাপ থেকেও ফলাফল দেখা যাবে। এজন্য iresults.net/wbbse-app-এ যেতে হবে।
এদিকে, জানা যাচ্ছে, আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিকের সিলেবাসে বদল আসতে চলেছে। বাংলা, বিজ্ঞানের মতো বিষয়গুলিতে আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। সেই সঙ্গে কর্মশিক্ষার বর্তমান সিলেবাসে সময়োপযোগী বিষয় ঢোকানো হবে। এছাড়াও, অন্তর্ভুক্ত করা হচ্ছে মহাভারতও। সিলেবাস কমিটির চেয়ারপার্সন অদিতি নাগ চৌধুরী জানিয়েছেন, ২০২৭ সালেই সংশোধিত সিলেবাস চালু করে দিতে পারা যাব বলে আশা করা হচ্ছে।