
২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তন করা হতে পারে। প্রসঙ্গত, আগামী বছর মাধ্যমিক পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা। কিন্তু সূত্রের খবর, এবার পিছিয়ে যেতে পারে মাধ্যমিক পরীক্ষা! পরীক্ষা শুরুর দিন ও সূচিতে বড়সড় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই পর্ষদ সভাপতি স্কুলশিক্ষা দফতরে এই বিষয়ে চিঠি দিয়েছেন।
কেন মাধ্যমিক পরীক্ষার সূচি বদলের প্রস্তাব?
জনগণনার কাজের জন্য ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তন করা হতে পারে। জানা যাচ্ছে, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে দেশজুড়ে জনগণনা প্রক্রিয়ায় প্রথম পর্যায়ের বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহের কাজ করা হবে। সেই কাজ আগামী ১ মার্চ পর্যন্ত চলবে। এই কর্মকাণ্ডে বিপুল সংখ্যায় স্কুল শিক্ষক যুক্ত থাকবেন বলে খবর। তাঁদের উপর জনগণনার গুরুদায়িত্ব থাকছে।
আগামী ১৫ ফেব্রুয়ারি মাধ্যমিক শুরু হওয়ার কথা
মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা আগামী ১৫ ফেব্রুয়ারি। কিন্ত জনগণনার কাজ করলে কীভাবে স্কুলশিক্ষকরা পরীক্ষক হিসেবে উপস্থিত থাকতে পারবেন? সেই প্রশ্ন উঠছে। স্কুলগুলিতে সেইসময় পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক, পরিদর্শক পাওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। এদিকে পরীক্ষায় সব শিক্ষকদের উপস্থিতি থাকলে জনগণনার কাজে ব্যাঘাত ঘটবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ করার ক্ষেত্রেও শেষদিকে সমস্যা হওয়ার আশঙ্কা থাকছে। এই জটিলতা এড়াতেই পর্ষদ সভাপতি ড. রামানুজ গঙ্গোপাধ্যায় ২ নভেম্বর স্কুলশিক্ষা দফতরের কমিশনারকে চিঠি দিয়ে নতুন সূচির অনুমোদনের আবেদন জানিয়েছেন।
কবে হতে পারে পরীক্ষা?
সূচি বদলের ক্ষেত্রে সর্বভারতীয় প্রবেশিকা ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিকের সেমিস্টার পরীক্ষার দিনক্ষণের সঙ্গে যাতে কোনও সংঘাত না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। তবে এটি পর্ষদের একটি প্রস্তাবিত সূচি, রাজ্য স্কুলশিক্ষা দফতরের চূড়ান্ত অনুমোদনের পরেই এটি কার্যকর হবে। জানা যাচ্ছে, আগামী বছর ১৫ ফেব্রুয়ারির বদলে ২ মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে।
স্কুল শিক্ষামন্ত্রী দিলেন ইঙ্গিত
স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জনগণনার বিষয়টি চলবে, সেই কারণেই কোনও পরীক্ষা হবে না। মধ্যশিক্ষা পর্ষদকে জানিয়েছে সরকার। মন্ত্রী জানান, সাধারণত ফেব্রুয়ারি মাসেই রাজ্যে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু জনগণনার কাজের সঙ্গে পরীক্ষার সূচির সংঘাত এড়াতেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আগামী বছর , ২০২৭ এ, ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল । কিন্তু সেই পরীক্ষা ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত হতে পারে। সরকারের কাছে প্রস্তাবিত নির্ঘণ্ট পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেটি বিবেচনা করেই চূড়ান্ত তারিখ জানানো হবে।