
শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (West Bengal Joint Entrance Results 2021) ফলাফল। করোনার বাধা কাটিয়ে রাজ্যে অনুষ্ঠিত হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর মহামারীর আবহে প্রথমবার পরীক্ষা কেন্দ্রে বসে খাতায় কলমে প্রবেশিকা পরীক্ষা (WBJEE) দেন পরীক্ষার্থীরা। প্রাথমিক ভাবে এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা ছিল ১১ জুলাই। শেষ পর্যন্ত পরীক্ষা হয়েছিল ১৭ জুলাই।
এ বছর ৯২,৬৯৫ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। পরীক্ষায় বসেন এর ৬৫,১৭০ জন (৭১ শতাংশ) পড়ুয়া। এর মধ্যে পাশ করেছেন ৬৪,৮৫০ জন। এ বারের জয়েন্ট এন্ট্রান্সে পাশের হার ৯৯.০৫ শতাংশ।
মেধাতালিকার শীর্ষে রহড়া রামকৃষ্ণ মিশনের পাঞ্চজন্য দে। দ্বিতীয় হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের সৌম্যজিৎ দত্ত। তৃতীয় স্থানে রয়েছেন নদীয়ার শান্তিপুর মিউনিসিপাল হাই স্কুলের ব্রতীন মণ্ডল। মেধাতালিকার চতুর্থ স্থানে রয়েছেন লিলুয়া, হাওড়ার এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠের অঙ্কিত মণ্ডল। এবারের জয়েন্ট এন্ট্রান্সে পঞ্চম হয়েছেন কর্ণাটকের পরীক্ষার্থী নারায়ণা ই-টেকনো স্কুলের গৌরব দাস।
মেধাতালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন হাওড়ার বাসিন্দা, দিল্লি পাবলিক স্কুলের আয়ুষ গুপ্ত। এবারের পরীক্ষায় সপ্তম হয়েছেন দক্ষিণ কলকাতার বাঘাযতীন এলাকার বাসিন্দা আর্মি পাবলিক স্কুলের রিতম দাসগুপ্ত। তালিকার অষ্টম স্থানে রয়েছেন নরেন্দ্রপুর বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনালের সপ্তশ্ব ভট্টাচার্য। মেধাতালিকার নবম স্থানে রয়েছেন দমদম সেন্ট স্টিফেন্স স্কুলের ঋষি কেজরিওয়াল এবং দশম হয়েছেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলের সৌহার্দ্য দত্ত।
এবারের জয়েন্ট এন্ট্রান্সে যে ৬৪,৮৫০ জন পড়ুয়া পাশ করেছেন তার মধ্যে ৪৭,৮১৭ জন ছাত্র (৭৩ শতাংশ) এবং ১৭,০৩৩ জন ছাত্রী (২৭ শতাংশ)। এর মধ্যে এ রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ৩৫,১০০ এবং ভিন রাজ্যের পড়ুয়ার সংখ্যা ১২,৭১৭। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in থেকে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।