
রাজ্যে পালাবদলের পরেই বিভিন্ন সরকারি দফতরে নিয়োগের ঘোষণা কর হয়েছে। দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলি ভরাট করতে তৎপর হয়েছে শুভেন্দু সরকার। পুলিশ বড় নিয়োগ হবে সেকথা নিজেই একাধিকবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার দমকলে নিয়োগ নিয়োগ নিয়েও বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী।
পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার দমকল দফতরের বেশ কিছু গাড়ি উদ্বোধন করলেন। এই অনুষ্ঠানেই দমকল দফতরের নিয়োগ নিয়ে বড় কথা বলেন মুখ্যমন্ত্রী। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দ্রুত ১৪০০ দমকল কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়ে দেন তিনি।
কোথায় কত নিয়োগ?
রাজ্যের অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবাকে আরও আধুনিক, দ্রুত এবং কার্যকর করে তুলতে বড় পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। নতুন প্রজন্মের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম দমকল বাহিনীতে যুক্ত করা হচ্ছে। বুধবার কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে এই আধুনিক সরঞ্জামগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী তথা দমকলমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে শুভেন্দু বলেন, রাজ্যে দমকল বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে এবং আরও উন্নত করতে নতুন নিয়োগ করা হবে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ১৪০০ পদ পূরণ করার আশ্বাস দিলেন তিনি। এরমধ্যে ১০০০ জন ফায়ার অপারেটর নিয়োগ হবে। ৩২৫ জন ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার এবং ৭৫ জন সাব অফিসার নিয়োগ করা হবে। এছাড়া, আগামী এক বছরের মধ্যে ২৫০০ পার্মানেন্ট পোস্ট তৈরি করে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কী বললেন মুখ্যমন্ত্রী?
এদিনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, ‘বিগত সরকার দমকলের কর্মীদের চুক্তিভিত্তিক নিয়োগ করেছে। এই প্রতিষ্ঠানে এ ভাবে নিয়োগ করা যায় না। অন্তত ৬ মাস ট্রেনিং দিতে হয়।’ তাঁর আরও সংযোজন, ‘বিগত সরকার ৬-৭ হাজার ছেলেকে নিয়োগ করেছে... আমার কোনও অসুবিধা নেই... অল্প বেতন পায়। ভবিষ্যতে সুযোগ পেলে বেতন বাড়িয়ে দেব।’ পাশাপাশি পুলিশ-প্রশাসনের আদলে এ বার দমকল কর্মীদেরও ‘জীবনরক্ষা মেডেল’ প্রদান করা হবে বলে জানান তিনি। সম্প্রতি বীরভূমের তারাপীঠ লজে এবং কলকাতার নিউ মার্কেটের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল কর্মীদের ভূমিকার প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দু’টি ক্ষেত্রেই দমকল কর্মীরা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। এমন পরিস্থিতিতে তাঁদের ‘জীবনরক্ষা মেডেল’ যাতে দেওয়া হয়, সে বিষয়ে মুখ্যমন্ত্রী উপস্থিত পদস্থ আধিকারিকদের নির্দেশ দেন।