
Government Job News: রাজ্যে আরও ৯ হাজার পুলিশকর্মী নিয়োগ করবে সরকার। নভেম্বরের শেষ সপ্তাহেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুলিশকর্মীদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এই ঘোষণা করেন। একই সঙ্গে কলকাতা পুলিশের জন্য ৩০০ জন সাব-ইনস্পেক্টর (SI) সিলেকশন হওয়ার খবরও জানান। ফলে রাজ্যে সরকারি চাকরির অপেক্ষায় থাকা অ্য়াসপিরান্টদের জন্য এটি নতুন আশার আলো বলা যেতে পারে। সেই সঙ্গে প্রায় ৬০০ পুলিশের ক্লার্ক নিয়োগ করা বলেও জানান শুভেন্দু।
দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশের একাধিক নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। এবার সেই জট কাটিয়ে নতুন করে নিয়োগের পথে হাঁটছে সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, নতুন সরকার ক্ষমতায় আসার পরে ওবিসি সংক্রান্ত জটিলতা মিটেছে। তারপরেই নিয়োগের প্রক্রিয়া এগোচ্ছে। আগামিদিনেও আরও শূন্যপদে নিয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
নভেম্বরেই ৯ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি
সোমবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ঘোষণা রাজ্য পুলিশের চাকরিপ্রার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। নভেম্বরের শেষ সপ্তাহে যে ৯ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলা হয়েছে, তার বিস্তারিত শর্ত, যোগ্যতা এবং আবেদনের সময়সীমা বিজ্ঞপ্তি প্রকাশের পরেই জানা যাবে।
এদিন কলকাতা পুলিশের ৩০০ জন SI নির্বাচিত হওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী।
দুর্নীতিমুক্ত পুলিশ গড়ার বার্তা
পুলিশের নিয়োগের পাশাপাশি পুলিশ ফোর্স দুর্নীতিমুক্ত করার উপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, রাজ্যের পুলিশি ব্যবস্থায় স্বচ্ছতা আনা প্রয়োজন। আরও বেশি পুলিশকর্মী নিয়োগ করে বাহিনীকে শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে সরকারের।
পুলিশের সংখ্যার নিরিখে উত্তরপ্রদেশকেও ছাপিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে বাংলা, এমনই জানালেন মুখ্যমন্ত্রী।
পুজোর আগে ১১ হাজারেরও বেশি কনস্টেবলের নিয়োগের পর, এবার নতুন নিয়োগের ঘোষণা। তবে ৯ হাজার পদের বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। তবে যাঁরা নভেম্বরে ফর্ম ফিলআপ করবেন, তাঁদের এখন থেকেই পড়াশোনা ও মাঠ শুরু করে দেওয়াই ভাল।