
আজ প্রকাশিত হল মাধ্যমিকের ফল। ফেব্রুয়ারিতে হয়েছিল পরীক্ষা। আর ৮৪ দিনের মাথায় আজ প্রকাশিত হল ফল। ইতিমধ্যেই পর্ষদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে ফলাফল জানান হচ্ছে। আর সেখানেই পর্ষদের তরফে সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানালেন আজ কখন স্কুল থেকে মার্কশিট পাওয়া যাবে।
পর্ষদের পক্ষ থেকে দাবি, আজই স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে মার্কশিট এবং সার্টিফিকেট। পর্ষদের ৪৯টা সেন্টার থেকেই মার্কশিট ও সার্টফিকেট দেওয়া হবে। তারপর স্কুলগুলি সেগুলি নিয়ে ফিরে যাবে। স্কুলে পৌঁছে নিজেদের কাজ সেরে সেগুলি দুপুর থেকে বিকেলের মধ্যে তুলে দেবে পড়ুয়াদের হাতে। এটাই হল পরিকল্পনা।
পর্ষদ জানিয়েছে, মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কুলগুলির হাতে সেগুলি তুলে দেওয়ার কাজও শুরু হবে। তারপরই স্কুলগুলি নিজেদের জরুরি কাজ মিটিয়ে পড়ুয়াদের হাতে তা আজই পৌঁছে দেবে। পড়ুয়াদের হাতে মার্কশিট পৌঁছে দেওয়াই এক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
১০টা থেকে অনলাইনে দেখা যাচ্ছে ফল। এক্ষেত্রে এই সব ওয়েবসাইটে ফল দেখা যাবে-
কীভাবে অনলাইনে দেখা যাবে ফল?
উপরের যে কোনও একটি ওয়েবসাইটে যান। তারপর নিজের নাম এবং রোল-নম্বর দিতে হবে। তাহলেই চোখের সামনে চলে আসবে ফলাফল। এভাবে সহজেই রেজাল্ট দেখা যেতে পারে।
কতজন পাশ করেছে?
এবার মাধ্যমিকের পাশের হার ৮৬.৮৩ শতাংশ। সবচেয়ে বেশি পড়ুয়া পাশ করেছে কালিম্পঙে। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর ও তিন নম্বরে রয়েছে কলকাতা।
এবারের পরীক্ষায় প্রথম হয়েছেন অভিরূপ ভদ্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮। তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের ছাত্র। দ্বিতীয় স্থানে রয়েছেন বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। তিনি সরোজিনী দেবী শিশুমন্দির হাইস্কুলের ছাত্র। ৬৯৫ পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনজন।